Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF Election) কার্যকরী কমিটির নির্বাচন আগামী ২০ ডিসেম্বর। সেই নির্বাচন ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারতীয় ফুটবলের প্রশাসনিক মহল। আইএফএর দুই প্রতিনিধিকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা হলেও শেষ পর্যন্ত সেই প্রয়াস সফল হল না। যাবতীয় আপত্তি খারিজ করে দিয়ে আইএফএর বর্তমান সচিব অনির্বাণ দত্ত ও সুব্রত দত্তকে নির্বাচনের ইলেক্টোরাল কলেজে অন্তর্ভুক্ত করলেন AIFF-এর ইলেক্টোরাল অফিসার। ফলে ফেডারেশন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে আর কোনও বাধা রইল না বাংলার ফুটবল সংস্থার।
আইএফএর প্রতিনিধিদের আটকানোর চেষ্টা (AIFF Election)
আইএফএর বর্তমান সচিব অনির্বাণ দত্তের বিরোধী শিবিরের একাংশের পাশাপাশি ফেডারেশনের এক প্রভাবশালী কর্তার উদ্যোগে আইএফএর প্রতিনিধিদের ভোটাধিকার আটকে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। জাতীয় ক্রীড়ানীতি ও জাতীয় ক্রীড়া প্রশাসনিক বিল মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে আইএফএর নির্বাচন হয়নি, এই যুক্তি তুলে ধরে ইলেক্টোরাল অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু সেই আপত্তি ধোপে টেকেনি। নির্বাচনী বিধি ও আইনি দিক খতিয়ে দেখে আইএফএর দুই প্রতিনিধিকে ইলেক্টোরাল কলেজে জায়গা দিয়েছেন নির্বাচনী আধিকারিক।
দিল্লি হাইকোর্টের নির্দেশই আইএফএর হাতিয়ার (AIFF Election)
জাতীয় ক্রীড়ানীতি মেনে ৪ নভেম্বরের মধ্যে নতুন কার্যকরী কমিটি গঠন করতে পারেনি আইএফএ। এমনকি ১৪ নভেম্বর নির্বাচন আয়োজনের পরিকল্পনাও নির্বাচনী প্রক্রিয়ার জটিলতায় বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিকে হাতিয়ার করেই আইএফএর প্রতিনিধিদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।
তবে আইএফএর কর্তারা আগে থেকেই এমন বিরোধিতার আশঙ্কা করেছিলেন। তাই বিষয়টি নিয়ে নির্বাচনী আধিকারিকের সঙ্গে আলোচনা করার পাশাপাশি আইনি পরামর্শও নেওয়া হয়। শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্টের একটি নির্দেশই তাঁদের প্রধান ভরসা হয়ে ওঠে।
২০২৬ সালের ১৮ জুন অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (AITA) নির্বাচন সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ। বিচারপতি তেজস কারিয়া ও বিচারপতি মধু জৈনের দেওয়া নির্দেশের ২০.৬ ধারায় স্পষ্ট করা হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ক্রীড়ানীতি ও জাতীয় ক্রীড়া প্রশাসনিক বিল মেনে রাজ্য সংস্থা নিজেদের কার্যকরী কমিটি গঠন করতে না পারলেও সর্বভারতীয় সংস্থার সভা ও নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটদানে বাধা নেই।
সেই নির্দেশের ভিত্তিতেই AIFF-এর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অনুমতি পেয়েছে আইএফএ। অর্থাৎ, রাজ্য সংস্থার নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে না হলেও ফেডারেশনের নির্বাচনে প্রতিনিধিত্ব করার অধিকার অক্ষুণ্ণ থাকল বাংলার ফুটবল সংস্থার।
কল্যাণের নাম প্রত্যাহার, নতুন সমীকরণ (AIFF Election)
এদিকে AIFF নির্বাচনের আগে সভাপতি কল্যাণ চৌবেকে ঘিরেও তৈরি হয়েছে নতুন জল্পনা। দেশের কোনও রাজ্য ফুটবল সংস্থাই প্রথমে তাঁকে নিজেদের প্রতিনিধি হিসেবে মনোনীত করেনি। পরে দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ ফুটবল অ্যাসোসিয়েশন তাদের দুই প্রতিনিধির একজন হিসেবে কল্যাণের নাম পাঠায়। কিন্তু পরক্ষণেই সেই নাম প্রত্যাহার করে নেওয়া হয়। ওই সংস্থার প্রতিনিধি হিসেবে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন আলতামাস শেখ ও ওয়াল্টার পেরিরা।
তবে তাতে লড়াই থেকে সরে দাঁড়ানোর কোনও ইঙ্গিত দেননি কল্যাণ। বরং কর্নাটক রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি হিসেবে ইলেক্টোরাল কলেজে নিজের নাম নথিভুক্ত করেছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন কর্নাটকের রাজনৈতিক ব্যক্তিত্ব এনএ হ্যারিস। রাজনৈতিকভাবে ভিন্ন মেরুতে থাকা দুই ব্যক্তিত্বের এই সমীকরণও নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
সভাপতি পদে অরবিন্দ মেনন (AIFF Election)
ফেডারেশন সভাপতি পদে লড়াইয়ের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন উত্তরপ্রদেশ ফুটবল সংঘের শীর্ষকর্তা অরবিন্দ মেনন (AIFF Election)। বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের হাইকমান্ড, ক্রীড়ামন্ত্রক এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে আলোচনা করেই তিনি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সমর্থন যে এই নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।
অন্যদিকে, দীর্ঘদিন AIFF সভাপতি থাকা প্রফুল প্যাটেল এখনও নিজের অবস্থান স্পষ্ট করেননি। ওয়েস্টার্ন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে ইলেক্টোরাল কলেজে তাঁর নাম রয়েছে। তবে অরবিন্দ মেননের বিরুদ্ধে সভাপতি পদে লড়াই করবেন কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত।
আরও পড়ুন: Kolkata Derby 2026: ক্রীড়ামন্ত্রীর অনুরোধ, কমল ডার্বির টিকিটের দাম
যদিও প্রফুল প্যাটেল সভাপতি পদের লড়াই থেকে সরে গিয়ে FIFA কাউন্সিল ও AFC-তে নিজের অবস্থান আরও মজবুত করার দিকে মন দিতে পারেন বলে মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত ২০ ডিসেম্বরের নির্বাচনে কারা লড়াইয়ে নামেন এবং কার দিকে সমর্থনের পাল্লা ভারী হয়, এখন সেদিকেই নজর ভারতীয় ফুটবল মহলের।



