Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে কর্মসংস্থানের প্রশ্নে যখন বহু যুবক-যুবতী কাজের অপেক্ষায়, তখন চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হলেন রাজারহাট-গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি (Mega Job Fair)। চাকরিপ্রার্থী ও নিয়োগকারী সংস্থার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করে দিতে তাঁর উদ্যোগে কেষ্টপুরে আয়োজিত হল ‘রাজারহাট-গোপালপুর মেগা জব ফেয়ার’। এই কর্মসূচিতে এক ছাতার তলায় হাজির হয়েছে ৭০টিরও বেশি সংস্থা। দু’দিন ধরে চলবে এই কর্মসংস্থান মেলা।
দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এবং রাজারহাট নিউটাউন ও বিধাননগর বিধানসভা মিলিয়ে মোট ন’টি বিধানসভা এলাকার চাকরিপ্রার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। দমদম, উত্তর দমদম, বরানগর, কামারহাটি, রাজারহাট-গোপালপুর, বিধাননগর, পানিহাটি-সহ বিভিন্ন এলাকার প্রার্থীরা সরাসরি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ খুঁজছেন।
‘উড়ান থাউজ্যান্ড প্লাস’, স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ (Mega Job Fair)
বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য, প্রত্যেক মানুষেরই কাজের প্রয়োজন। কাজের অর্থ শুধু চাকরি নয়, একজন মানুষের রোজগারের ব্যবস্থা করে তাঁকে স্বাবলম্বী করে তোলা। সেই লক্ষ্যেই ‘উড়ান থাউজ্যান্ড প্লাস’ স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের তথ্য সংগ্রহ এবং সংস্থাগুলির চাহিদার সঙ্গে প্রার্থীদের যোগ্যতার সামঞ্জস্য রেখে মেলার পরিকল্পনা করা হয়েছে। তাঁর দাবি, ৭০টিরও বেশি সংস্থার অংশগ্রহণে বিপুল সংখ্যক চাকরির সুযোগ তৈরি হয়েছে।
‘সেবাদূত’ কর্মসূচিতে মানুষের দুয়ারে বিজেপি (Mega Job Fair)
অন্যদিকে, কর্মসংস্থানের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেশজুড়ে ‘সেবাদূত’ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। ১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলার কথা। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছেন কি না, কারা বঞ্চিত হচ্ছেন এবং কোথায় সমস্যা রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
প্রত্যেক বিধানসভায় যাবেন বিজেপি কর্মীরা (Mega Job Fair)
শনিবার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্য বিজেপি নেতৃত্বের প্রস্তুতি বৈঠক হয়। বৈঠক শেষে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানান, প্রত্যেক বিধানসভায় একজন করে দলীয় কার্যকর্তা যাবেন। তাঁরা সংশ্লিষ্ট এলাকায় থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার কারণ খতিয়ে দেখবেন। দলীয় কর্মীর বাড়িতেই তাঁদের থাকার ব্যবস্থা করা হবে।
শমীকের বক্তব্য, এই কর্মসূচিতে বিধায়ক বা সাংসদদের পাঠানো হচ্ছে না। সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া তথ্য বিধায়কদের অফিসে হওয়া ক্যাম্পের ফিডব্যাকের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তারা পান, সেটাই এই কর্মসূচির লক্ষ্য।
আরও পড়ুন: Eligible Candidates: ২৬ হাজার চাকরি বাতিলের পরও অনিশ্চয়তা, নিয়োগের দাবিতে সোমবার পথে আন্দোলনকারীরা
কর্মসংস্থান ও জনসংযোগ, দুই উদ্যোগেই নজর
একদিকে চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি নিয়োগের সুযোগ তৈরি, অন্যদিকে সরকারি প্রকল্পের বাস্তব পরিস্থিতি জানতে মানুষের কাছে পৌঁছনোর কর্মসূচি—দুই উদ্যোগ ঘিরেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এই উদ্যোগগুলি বাস্তবে কতটা সুফল দিতে পারে, কতজন চাকরি পাবেন এবং সরকারি প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের সমস্যার কতটা সমাধান হবে, এখন সেদিকেই নজর।



