Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: স্বাস্থ্য ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Health Minister)। ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো সংক্রামক রোগের পরিসংখ্যান প্রকাশ থেকে শুরু করে ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করা এবং বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি প্রক্রিয়ায় নজরদারি—একাধিক বিষয়ে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, চিকিৎসা ব্যবস্থার প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।
রোগের পরিসংখ্যান প্রকাশে স্বচ্ছতার বার্তা (Health Minister)
ডেঙ্গু, ম্যালেরিয়া-সহ বিভিন্ন সংক্রামক রোগের তথ্য প্রকাশ নিয়ে পূর্বতন সরকারের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের আমলে এই ধরনের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সরকারি ওয়েবসাইটে নিয়মিত আপলোড করা হতো না। কিন্তু বর্তমান সরকার সেই তথ্য ওয়েবসাইটে প্রকাশ করছে। স্বাস্থ্য সংক্রান্ত পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং রোগের পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।
ভুয়ো শিক্ষক-চিকিৎসকের অভিযোগে মেডিক্যাল কলেজে ভর্তি বন্ধ (Health Minister)
বেসরকারি মেডিক্যাল কলেজগুলির কাজকর্ম নিয়েও কড়া পদক্ষেপের কথা উঠে এসেছে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে। একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ভুয়ো শিক্ষক ও চিকিৎসক থাকার অভিযোগ সামনে আসায় সেখানে পড়ুয়া ভর্তি বন্ধ করা হয়েছে। চিকিৎসা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোনও রকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলেই এই পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। কারণ, চিকিৎসা শিক্ষার মানের সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে ভবিষ্যতের চিকিৎসকদের দক্ষতা এবং সাধারণ মানুষের চিকিৎসার নিরাপত্তা।
ভুয়ো চিকিৎসকদের ধরতে ফিজিক্যাল ভেরিফিকেশন (Health Minister)
সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উঠে এসেছে চিকিৎসকদের পরিচয় যাচাইয়ের বিষয়টি। ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করতে এবার ফিজিক্যাল ভেরিফিকেশন বা সরাসরি উপস্থিতির মাধ্যমে যাচাই প্রক্রিয়া চালানো হবে। মেডিক্যাল কাউন্সিলের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এর ফলে চিকিৎসকদের পরিচয়, নথিপত্র এবং পেশাগত বৈধতা যাচাই করা সম্ভব হবে।
আরও পড়ুন: Eligible Candidates: ২৬ হাজার চাকরি বাতিলের পরও অনিশ্চয়তা, নিয়োগের দাবিতে সোমবার পথে আন্দোলনকারীরা
প্রবীণ চিকিৎসকদের জন্য ভিডিও কলের সুবিধা
তবে বয়সজনিত সমস্যা বা শারীরিক অসুস্থতার কারণে যাঁরা স্বশরীরে উপস্থিত হতে পারবেন না, তাঁদের জন্যও বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে। এমন প্রবীণ চিকিৎসকদের ভিডিও কলের মাধ্যমে ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ, যাচাই প্রক্রিয়ায় কোনও শিথিলতা না রেখেও বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে চাইছে স্বাস্থ্য দফতর।



