Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল এখন জলমগ্ন (Wild Animal Rescue Operation)। বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে, আশ্রয়হীন হয়েছেন অসংখ্য মানুষ। এর পাশাপাশি বিপর্যস্ত হয়েছে বনাঞ্চলের প্রাণীকুলও। তোর্সা নদীর জলে ভেসে আলিপুরদুয়ারের জনবসতিপূর্ণ এলাকায় চলে আসে পাঁচটি গন্ডার। জলস্রোতের তীব্রতায় গন্ডারগুলির অবস্থা ছিল অত্যন্ত দুর্বল ও আতঙ্কিত।

বন্য পশুদের উদ্ধার অভিযান (Wild Animal Rescue Operation)
সূত্রের খবর, গত তিন দিন ধরে বন দপ্তর, পুলিশ এবং স্থানীয় মানুষ মিলে নজর রাখছিলেন ওই গন্ডারগুলির উপরে। অবশেষে মঙ্গলবার সাফল্য আসে সব কটি গন্ডারকেই নিরাপদে জঙ্গলে ফিরিয়ে আনা হয়। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার পারভিন কাসওয়ান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “গন্ডারগুলি ফিরে এলেও তারা ক্লান্ত ও ভীত ছিল। তবে সকলেই নিরাপদে ফিরেছে।” তিনি আরও জানান, পাঁচটির মধ্যে দু’টি গন্ডার আগেই উদ্ধার করা হয়েছিল, বাকি তিনটি গন্ডারকে পলাশবাড়ি, শিমলাবাড়ি এবং নতুনপাড়া এলাকা থেকে সোমবার রাতভর অভিযান চালিয়ে জঙ্গলে পাঠানো হয়।

বন্যপ্রাণ সুরক্ষায় নিখুঁত সমন্বয় (Wild Animal Rescue Operation)
পুরো অভিযানে বন দপ্তর, পুলিশ ও স্থানীয় মানুষের নিখুঁত সমন্বয়ই সফলতার চাবিকাঠি। উল্লেখযোগ্যভাবে, এই অভিযানের সময় কোনও মানুষ বা প্রাণীর ক্ষতি হয়নি। বন দপ্তর তাঁদের ধন্যবাদ জানিয়েছে, যারা এই বিপজ্জনক পরিস্থিতিতেও বন্যপ্রাণ রক্ষায় এগিয়ে এসেছেন।
নদী থেকে উদ্ধার অন্যান্য প্রাণী (Wild Animal Rescue Operation)
তোর্সা ছাড়াও জলঢাকা, শিসামারা, মেচি সব নদীর জলে তাণ্ডব চলছে। রবিবার একটি গন্ডারের মৃতদেহ উদ্ধার হয়, সোমবার জলঢাকার চরে উদ্ধার হয় একটি বাইসনের দেহ। ধূপগুড়ির ডাকুয়ায় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার হয় একটি হরিণ, আর নকশালবাড়িতে পাওয়া যায় এক হস্তিশাবক।
আরও পড়ুন: North Bengal Floods: ফুঁসছে তোর্সা, ভেঙে পড়ছে সেতু কতটা প্রস্তুত ছিল প্রশাসন এই বিপর্যয়ের জন্য?
পাঁচ গন্ডারের নিরাপদ মিললো? (Wild Animal Rescue Operation)
চারদিকে যখন জলবিধ্বস্ত চিত্র, প্রাণহানি, ধ্বংস ও আতঙ্কের খবর তখন পাঁচটি গন্ডারের নিরাপদ প্রত্যাবর্তন কিছুটা হলেও আশার সঞ্চার করেছে। বনকর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষ সবাই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।



