Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বখ্যাত অভিনেতা ও কুংফু তারকা জ্যাকি চ্যানকে (Jackie Chan) নিয়ে আবারও শুরু হয়েছে গুজবের ঝড়। সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্টে দাবি করা হয়, ৭১ বছর বয়সে প্রয়াত হয়েছেন এই প্রখ্যাত অভিনেতা। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর খবর। কিন্তু শেষমেশ জানা গেল, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। সুস্থ ও সক্রিয় রয়েছেন জ্যাকি চ্যান নিজে।
ঘটনার সূত্রপাত (Jackie Chan)
ঘটনার সূত্রপাত ফেসবুকে (Jackie Chan)। এক অজ্ঞাত প্রোফাইল থেকে পোস্ট করা হয় জ্যাকির একটি পুরোনো ছবি, যেখানে তাঁকে হাসপাতালে শুয়ে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে লেখা হয়, “১৯৫৮–২০২৫, আত্মা শান্তি পাক। আমাদের প্রিয় অভিনেতা ও কিংবদন্তি কুংফু মাস্টার জ্যাকি চ্যান আর নেই।” আরও যোগ করা হয়, “বিমান থেকে ইনস্টাগ্রাম পোস্ট করার কিছুক্ষণ পরেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।” এই পোস্টটি ভাইরাল হতে সময় নেয়নি। হাজার হাজার মানুষ শোক প্রকাশ করে মন্তব্য করতে শুরু করেন।
বিষয়টি সম্পূর্ণ ভুয়ো (Jackie Chan)
কেউ কেউ এমনকি অভিনেতার পরিবারের পক্ষ থেকে (Jackie Chan) উদ্ধৃতি দেওয়ার দাবিও করেন। বলা হয়, “ডাক্তার জানিয়েছেন, ওঁর হৃদযন্ত্র আর কোনও স্টান্ট সহ্য করতে পারেনি।” ওই পোস্টে দাবি করা হয়, ৩ নভেম্বর মৃত্যু হয়েছে জ্যাকির। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যায়, বিষয়টি সম্পূর্ণ ভুয়ো। চীনা সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জ্যাকি চ্যান দিব্যি আছেন, এবং তিনি বর্তমানে তাঁর নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “জ্যাকি একদম ঠিক আছেন, এই ধরনের গুজব একেবারে ভিত্তিহীন।”

একাধিকবার জ্যাকির মৃত্যুর ভুয়ো খবর
আসলে এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার জ্যাকির মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে। প্রতিবারই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। এক সাক্ষাৎকারে এই বিষয়ে হাস্যরসাত্মকভাবে প্রতিক্রিয়া দিয়ে জ্যাকি বলেছিলেন, “আমি নিজেও একবার বিমানে বসে খবর দেখে চমকে গিয়েছিলাম। সবাইকে জানাতে হয়েছিল, চিন্তা করবেন না, আমি এখনও বেঁচে আছি।”
কাজ নিয়ে ব্যস্ত
জ্যাকি চ্যান আজও বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতা। বয়স ৭০ পার হলেও তাঁর কর্মব্যস্ততা বা উদ্যমে কোনও ভাটা পড়েনি। শিগগিরই মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি-‘নিউ পুলিশ স্টোরি ২’, ‘প্রজেক্ট পি’ এবং ‘ফাইভ অ্যাগেইনস্ট আ বুলেট’। পাশাপাশি, হলিউডে ‘রাশ আওয়ার ৪’-এর কাজ নিয়েও ব্যস্ত তিনি।
আরও পড়ুন: Rajnath Singh: রাজনাথের কড়া হুঁশিয়ারি-“দোষীদের রেয়াত নয়, প্রত্যেকে পাবে শাস্তি”
বিনোদনবিশ্বে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে যেমন মুহূর্তের জন্য হাহাকার দেখা দিয়েছিল, তেমনি সত্য জানা যেতেই শুরু হয় স্বস্তির ঢেউ। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা লিখছেন, “ভালো আছেন জ্যাকি-এই খবরটাই সবচেয়ে বড় সুখবর।”


