Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: একটা সময় ছিল, টলিউডে দেব-শুভশ্রী মানেই ছিল নিশ্চিত হিটের সমীকরণ (Dev Subhashree)। একসঙ্গে তাঁদের নাম উচ্চারিত হলেই দর্শকের মনে ভেসে উঠত প্রেম, অ্যাকশন, গান আর বক্স অফিস সাফল্যের ঝলক। সেই জুটিই পঁচিশ সালে, প্রায় দশ বছর বাদে, সাড়ম্বরে প্রচারে নেমে নস্ট্যালজিয়ার দরজা খুলে দিয়েছিল। অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু সিনেমার দৌড় শুরু হতেই ‘ধূমকেতু’র মতো করে দেব-শুভশ্রীর সমীকরণ বদলে যেতে দেখে অবাক হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দর্শকমহল।

‘ধূমকেতু’র পর মন কষাকষি ও বিতর্ক (Dev Subhashree)
‘ধূমকেতু’ শুধু একটি সিনেমা ছিল না, বরং দেব-শুভশ্রী সম্পর্কের এক জটিল অধ্যায়। কখনও সাক্ষাৎকারে একে-অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শোনা গিয়েছে, কখনও আবার ছবির সাফল্য উদযাপনে শুভশ্রীর অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে জোর চর্চা। এই সব ঘটনার পর অনেকেই ধরে নিয়েছিলেন, ‘দেশু’ জুটির ম্যাজিক হয়তো আর কখনও বড়পর্দায় ফিরবে না। টলিউডে তখন কানাঘুষো এই অধ্যায় বুঝি এখানেই শেষ।
আশা ছাড়েননি অনুরাগীরা (Dev Subhashree)
তবে বাস্তবটা এত সহজ ছিল না। দেব ও শুভশ্রী, দু’জনেই একাধিক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও একসঙ্গে কাজ করতে পারেন তাঁরা। সেই কথাই অনুরাগীদের আশার আলো দেখিয়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে ফ্যান ক্লাব সব জায়গাতেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কবে ফিরবে ‘দেশু’ জুটি?

টলিউডে জব্বর খবর (Dev Subhashree)
নতুন বছরের শুক্রবারে এল সেই বহু প্রতীক্ষিত খবর। বিতর্ক, মান-অভিমান সরিয়ে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী। পরমব্রত চট্টোপাধ্যায়ের পুত্র নিষাদের অন্নপ্রাশনে তাঁদের একসঙ্গে দেখা যাওয়াই ছিল ইঙ্গিতপূর্ণ। শুধু একবার নয়, দু’বার তাঁদের ঘনিষ্ঠ আলোচনায় মেতে উঠতে দেখে অনেকেই আন্দাজ করেছিলেন কিছু একটা বড় পরিকল্পনা চলছে। আর এবার সেই জল্পনাই বাস্তব রূপ নিল।
পুজো ২০২৬-এ ‘দেশু’ ম্যাজিক (Dev Subhashree)
জানা যাচ্ছে, ছাব্বিশ সালের পুজোতেই বড়পর্দায় ফের আছড়ে পড়বে দেব-শুভশ্রীর ম্যাজিক। প্রেম-রোম্যান্সের পাশাপাশি অ্যাকশনেও জমবে এই ছবি। যদিও এখনও সিনেমার নাম ঘোষণা হয়নি, তবে টলিপাড়ায় কানাঘুষো এই ছবি ‘খাদান’-এর সিক্যুয়েলও হতে পারে। কারণ চলতি পুজোয় দেব আগেই জানিয়েছিলেন, ‘খাদান ২’ নিয়ে তিনি আসতে চলেছেন। যদি এই জল্পনা সত্যি হয়, তবে নিঃসন্দেহে তা হবে বছরের অন্যতম বড় চমক।

সপ্তমবার একসঙ্গে, প্রত্যাশা তুঙ্গে (Dev Subhashree)
এই ছবি হলে দেব-শুভশ্রী জুটি বাঁধবেন সপ্তমবারের জন্য। আর তাঁদের ছবি যদি পুজো রিলিজ হয়, তাহলে বক্স অফিসে আবারও সুনামি উঠবে এ কথা বলাই বাহুল্য। দর্শকের আবেগ, নস্ট্যালজিয়া আর কৌতূহল সব মিলিয়ে এই প্রত্যাবর্তন শুধু একটি সিনেমা নয়, বরং টলিউডের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
আরও পড়ুন: Dilip Ghosh: ‘ঘরছাড়া’ দিলীপই কি ফের ছাব্বিশে বিজেপির তুরুপের তাস?
অতীতের সাফল্যের ঝলক
গত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছে দেব-শুভশ্রী জুটি। তাঁদের শেষ ছবি যদিও ‘ধূমকেতু’, তবুও দীর্ঘ বিরতির পরেও এই জুটিকে আবার পর্দায় দেখার উন্মাদনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।



