Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার সকালেই আতঙ্কের সাক্ষী থাকল মধ্য আমেরিকার দেশ মেক্সিকো (Earthquake)। প্রেসিডেন্টের সাংবাদিক সম্মেলন চলাকালীন আচমকা দুলে উঠল মাটি। মুহূর্তের মধ্যে কেঁপে উঠল বহুতল অট্টালিকা, রুফটপ পুলের জল ছিটকে পড়ল রাস্তায়। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে ছুটে এলেন সাধারণ মানুষ। রিখটার স্কেলে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি সহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা।
কোথায় ও কখন আঘাত হানে ভূমিকম্প (Earthquake)
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (USGS)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল প্রায় ৮টা নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের কেন্দ্রস্থল ছিল গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, প্রশান্ত মহাসাগরের উপকূল সংলগ্ন এলাকায়। এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয় প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত মেক্সিকো সিটিতেও।
উপকূলীয় পর্যটন কেন্দ্রে ক্ষয়ক্ষতি (Earthquake)
ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মেক্সিকোর রাজধানী ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জনপ্রিয় পর্যটন এলাকা আকাপুলকোতে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অন্তত ৫০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গায় দেওয়াল ফেটে গিয়েছে, কিছু ভবনের অংশ ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থাও কিছু এলাকায় সাময়িকভাবে ব্যাহত হয়।

আতঙ্কে প্রাণহানি ও আহতের খবর (Earthquake)
ভূমিকম্পের সময় তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরোতে গিয়ে এক ৬০ বছর বয়সি বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এ ছাড়াও মেক্সিকো সিটির মেয়র সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অন্তত ১২ জন বাসিন্দা আহত হয়েছেন। তাঁদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে গুয়েরেরো রাজ্যের সান মার্কোস অঞ্চলও, যদিও সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলক কম।
সাংবাদিক সম্মেলন থামাতে বাধ্য প্রেসিডেন্ট (Earthquake)
ভূমিকম্পের সময় সাংবাদিক সম্মেলন করছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। আচমকা কম্পন শুরু হতেই সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে সাংবাদিক সম্মেলন স্থগিত করতে বাধ্য হন প্রেসিডেন্ট। পরে প্রশাসনের তরফে জানানো হয়, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং জরুরি পরিষেবাগুলি সক্রিয় করা হয়েছে।
উদ্ধার ও ত্রাণে তৎপর প্রশাসন (Earthquake)
ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: Train : সপ্তাহের শুরুর দিনেই যাত্রী ভোগান্তি, হাওড়া ডিভিশনে বাতিল একজোড়া লোকাল
ফের আতঙ্কে মেক্সিকো
ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত মেক্সিকোতে অতীতেও বহুবার বড়সড় কম্পনের সাক্ষী থাকতে হয়েছে। শুক্রবারের এই ভূমিকম্প ফের সেই স্মৃতিই উসকে দিল। আফটারশকের আশঙ্কায় এখনও বহু মানুষ খোলা জায়গায় রয়েছেন। প্রশাসনের তরফে সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে।



