Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রায় তিন দশক পর আবারও যুদ্ধের ময়দানে ফিরে এলেন মেজর চাঁদপুরী (Border 2 Trailer)। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’ যে দেশপ্রেমের আবেগ, গর্ব আর শিহরণ তৈরি করেছিল, তারই উত্তরাধিকার বহন করে প্রকাশ্যে এল ‘বর্ডার ২’-এর ট্রেলার। ২৭ বছর পর সেনাজওয়ানের পোশাকে সানি দেওল মানেই যেন বজ্রনিনাদ ট্রেলার দেখেই সেই বার্তা স্পষ্ট করে দিল নির্মাতারা।

মেজর চাঁদপুরীর প্রত্যাবর্তন (Border 2 Trailer)
ট্রেলারে সানি দেওল আবারও মেজর চাঁদপুরীর চরিত্রে। হাতে মেশিন গান, চোখে অদম্য সাহস আর কণ্ঠে সেই চেনা গর্জন। টিজারে শোনা গিয়েছিল, “আমাদের গর্জন যেন লাহোর অবধি শোনা যায়…” ট্রেলারে এসে সেই গর্জন আরও তীব্র। পাক মুলুককে উদ্দেশ করে তাঁর সংলাপ, “তোমরা আমাদের কী হারাবে? আরে, তোমাদের পাকিস্তানে তত মানুষ নেই, যতগুলো পাঁঠা আমাদের এখানে ইদে কুরবানি হয়…” এই সংলাপেই স্পষ্ট, ‘বর্ডার ২’ নস্ট্যালজিয়ার সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের দর্শকদের জন্যও হাইভোল্টেজ আবেগের পসরা সাজিয়ে আনছে।
নস্ট্যালজিয়া ও গর্বের মেলবন্ধন (Border 2 Trailer)
প্রথম ‘বর্ডার’ শুধুমাত্র একটি যুদ্ধের ছবি ছিল না, ছিল আত্মত্যাগ, বন্ধুত্ব আর দেশের জন্য জীবন উৎসর্গের গল্প। ‘বর্ডার ২’-এর ট্রেলারেও সেই আবেগেরই প্রতিফলন দেখা যায়। ব্যাকগ্রাউন্ড স্কোর, যুদ্ধক্ষেত্রের দৃশ্য, সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা—সব মিলিয়ে পুরনো স্মৃতিকে নাড়া দিয়েছে নতুন রূপে। অনুরাগীদের চোখে-মুখে তাই সেই পরিচিত শিহরণ, সেই একইরকম গর্ব।

তারকাখচিত যুদ্ধদল (Border 2 Trailer)
এই ছবিতে শুধু সানি দেওল নন, একঝাঁক বলিউড তারকাকে দেখা যাবে সেনার ভূমিকায়। বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, অহন শেট্টি সবাই মিলেই গড়ে তুলেছেন এক শক্তিশালী যুদ্ধদল। তাঁদের প্রত্যেকের চরিত্রেই রয়েছে আলাদা আলাদা আবেগ ও দায়িত্ববোধ, যা ট্রেলারের ঝলকেই স্পষ্ট। পাশাপাশি, মেগাবাজেট এই ছবিতে নবাগতা অভিনেত্রী মেধা রানার উপস্থিতিও আলাদা কৌতূহল তৈরি করেছে।
পরিচালনা ও চিত্রনাট্য (Border 2 Trailer)
‘বর্ডার ২’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ সিং। বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার ছবির প্রেক্ষাপট ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ। সেই ঐতিহাসিক যুদ্ধকে কেন্দ্র করেই সাজানো হয়েছে চিত্রনাট্য। বাস্তব যুদ্ধের ঘটনা, সেনাদের আত্মত্যাগ আর সীমান্তে রক্ষকদের লড়াই সবকিছুকেই সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।
আরও পড়ুন: Indo US : “পুরুষ কি গর্ভবতী হতে পারে?” প্রশ্নেই ভাইরাল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক
মুক্তির দিনক্ষণ ও প্রত্যাশা
ট্রেলারের সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছে মুক্তির তারিখ। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে, অর্থাৎ ২৩ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বর্ডার ২’। দিনক্ষণ নির্বাচনেই স্পষ্ট, দেশপ্রেমের আবেগকে আরও একধাপ উঁচুতে তুলে ধরাই লক্ষ্য।



