Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে আসা নিয়ে বাংলাদেশের আপত্তির কথা আমল দেয়নি আইসিসি (Bangladesh)। ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে বলেছে আইসিসি।
ডেডলাইনের কথা মেনে নিলো বাংলাদেশ (Bangladesh)
আইসিসি-র তরফে বাংলাদেশকে ২১ জানুয়ারি ডেডলাইন দেওয়া হয়েছে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য। এমনটাই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকার করে বাংলাদেশ। পরিবর্তে তারা চাইছে শ্রীলঙ্কায় তাদের সব ম্যাচ অনুষ্ঠিত হোক (Bangladesh)।
এই ডেডলাইনের কথা এতদিন মানতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এবার বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসি চাপ সৃষ্টি করছে সেই কথা মেনে নিলেন। তাঁর দাবি আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করতে চাইছে তাঁদের।
প্রসঙ্গত গত শনিবার বিকেলে ঢাকায় বিসিবি কর্তাদের সাথে আইসিসি-র বৈঠক হয়। সেই বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে চিন্তিত। সেক্ষেত্রে তারা চায় তাদের সব ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় করা হোক। বাংলাদেশ তাদের গ্রুপ পরিবর্তনের কথাও বলে। তবে আইসিসি এই বিকল্প প্রস্তাব নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই আর তার আগে বাংলাদেশের এই আবেদনে সাড়া দেয়নি আইসিসি। আশা করা যাচ্ছে ২১ জানুয়ারির মধ্যে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। বাংলাদেশ যদি তাদের জেদ না ছাড়ে তবে তাদের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড।

বাংলাদেশ বোর্ডের তরফে ওই ডেডলাইনের কথা এতদিন অস্বীকার করা হয়েছে। তাঁরা এতদিন দাবি করছিল, আইসিসি কোনও ডেডলাইন দেয়নি। এবার সেই ডেডলাইনের কথা মেনে নিলেও ঘুরিয়ে ভারতকে নিশানা করলেন আসিফ নজরুল। বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বললেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’
আরও পড়ুন: America: মার্কিন ম্যাপে গ্রিনল্যান্ড কানাডা! ট্রাম্পের অবস্থান নিয়ে গভীর উদ্বেগ ইউরোপীয় মিত্রদের
পাকিস্তানের প্রসঙ্গ টেনে আসিফ বলেছেন, ‘পাকিস্তানও ভারতে খেলতে যেতে চায় না। সেজন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা হয়েছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু বদলানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ দিয়ে আমাদের খেলতে বাধ্য করা যাবে না।’ আসিফ নজরুলের বক্তব্যে এটা পরিস্কার, বাংলাদেশ কোনওভাবেই তাদের সিদ্ধান্ত বদল করতে চায় না। আর বাংলাদেশ ভারতে খেলতে না এলে বিকল্প দল হিসবে স্কটল্যান্ডের কথা ভেবে রেখেছে আইসিসি। তবে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও কথা আইসিসির সঙ্গে হয়নি (Bangladesh)।


