Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রজাতন্ত্র দিবস ২০২৬ উপলক্ষে দিল্লির কর্তব্য পথে আয়োজিত কুচকাওয়াজ ও বিটিং রিট্রিট অনুষ্ঠানে শৃঙ্খলাবদ্ধ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে একগুচ্ছ আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করল দিল্লি ট্রাফিক পুলিশ(Delhi Republic Day)। প্রায় ৭৭ হাজার আমন্ত্রিত অতিথির অনুষ্ঠানস্থলে নিরাপদ ও সহজে ঢোকা ও বেরনো নিশ্চিত করতেই এই উদ্যোগ, যেখানে ডিজিটাল ন্যাভিগেশন, এআই–ভিত্তিক ভিডিও গাইড ও উন্নতপর্যায়ের ব্যবস্থা করা হয়েছে।
এআই–চালিত ভিডিও গাইড (Delhi Republic Day)
কর্তৃপক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অ্যানিমেটেড ভিডিও তৈরি করেছে, যেখানে অতিথিদের প্রবেশ, গাড়ি থেকে নামা, নির্ধারিত পার্কিং এবং অনুষ্ঠান শেষে প্রস্থান সব ধাপ স্পষ্টভাবে দেখানো হয়েছে। এই ভিডিওগুলি প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে দেওয়া কিউআর কোড স্ক্যান করলেই দেখা যাবে। প্রতিবছর প্রায় ৭৭ হাজার পাস বিতরণ করা হয়, যার মধ্যে ৮ হাজার পাসধারী ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারেন। মোট ২২টি পার্কিং লটে প্রায় ৮ হাজার গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।
ন্যাভিগেশন ও পার্কিং সহায়তা (Delhi Republic Day)
আমন্ত্রিতরা গুগল ম্যাপ ও ম্যাপপ্লস ব্যবহার করে নির্দিষ্ট পার্কিং পর্যন্ত একে একে নির্দেশ পাবেন। ম্যাপপ্লসে বিশেষ ‘রিপাবলিক ডে ড্যাশবোর্ড’ যুক্ত করা হয়েছে, আর গুগল ম্যাপে প্রবেশ ও বেরোনোর নির্দিষ্ট করিডর ও লটের অবস্থান দেখানো হচ্ছে। অনুষ্ঠান শেষে ভিড় এড়াতে ‘কার কলিং সিস্টেম’ চালু থাকবে পার্কিং জোনের স্পিকারে গাড়ির নম্বর বা চালকের নাম ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় নজরদারি কেন্দ্র (Delhi Republic Day)
২৬ জানুয়ারি একটি কমান্ড সেন্টার থেকে ট্রাফিক পুলিশ, সাধারণ পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ডেপুটি কমিশনার জানান, প্রযুক্তির ব্যাপক ব্যবহার পথচারী ও যানবাহন দু’পক্ষেরই যাতায়াত সহজ করবে। নাগরিকদের গণপরিবহন ব্যবহারের ও সরকারি আপডেট অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
উৎসবের বিশেষ দিক (Delhi Republic Day)
এবছর ‘বন্দে মাতরম’-এর রচনার ১৫০ বছর পূর্তি উদ্যাপন করা হবে। সামরিক কুচকাওয়াজের সঙ্গে ঐতিহ্যবাহী ট্যাবলোতে ফুটে উঠবে ভারতের ইতিহাস। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।



