Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির ইতিহাসের সন্ধান করতে গেলে আমরা প্রায়শই রাজবংশ, যুদ্ধ, শাসনব্যবস্থা কিংবা ঔপনিবেশিক নথির দিকে তাকাই (Behula-Lakshindar’s Wedding Menu)। অথচ বাঙালির দৈনন্দিন জীবন, তার অভ্যাস, খাদ্যসংস্কৃতি, বিশ্বাস ও সামাজিক গঠনের প্রকৃত ছবি ধরা পড়ে লোকায়ত সাহিত্যে। সেই সাহিত্যের অন্যতম প্রধান ধারা মঙ্গলকাব্য। দেবদেবীর বন্দনাকে কেন্দ্র করে রচিত হলেও, মঙ্গলকাব্য আসলে মধ্যযুগীয় বাংলার সমাজজীবনের এক বিস্তৃত দলিল। মঙ্গলকাব্যকে যদি কেবল ধর্মীয় প্রচারের আখ্যান হিসেবে দূরে সরিয়ে রাখা হয়, তবে আমরা আমাদের অতীতের সঙ্গে সংযোগ হারাই। এই সাহিত্য আমাদের জানায় বাঙালি কী খেত, কীভাবে বাঁচত, তার আর্থসামাজিক অবস্থান কেমন ছিল, আর তার রুচি ও ঐতিহ্য কোথায় প্রোথিত ছিল।
নারায়ণদেব ও মনসামঙ্গল (Behula-Lakshindar’s Wedding Menu)
নারায়ণদেব ছিলেন পূর্ববাংলা ও আসাম অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় এক মঙ্গলকাব্যকার। তিনি চৈতন্যদেবের সমসাময়িক হলেও কিছুটা পূর্ববর্তী। তাঁর মনসামঙ্গল কেবল মনসাদেবীর পূজার আখ্যান নয়, বরং বণিক সমাজের উত্থান, অর্থনৈতিক ক্ষমতা ও সামাজিক দ্বন্দ্বের এক বিস্তৃত ক্যানভাস। চাঁদবেনে, লক্ষীন্দর, বেহুলা এই চরিত্রগুলি নিছক পৌরাণিক নয়। এরা মধ্যযুগীয় বাংলার এক বিশেষ শ্রেণির প্রতিনিধি সমৃদ্ধ বণিক সম্প্রদায়। নদীপথ নির্ভর বাণিজ্য, দূরদেশের সঙ্গে যোগাযোগ, পণ্যের আদানপ্রদান, সবকিছু মিলিয়ে এই শ্রেণি ছিল অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং সাংস্কৃতিকভাবে প্রভাবশালী।
বেহুলা–লক্ষীন্দরের বিবাহ (Behula-Lakshindar’s Wedding Menu)
বেহুলা ও লক্ষীন্দরের বিয়ে শুধুমাত্র একটি পারিবারিক অনুষ্ঠান নয় (Behula-Lakshindar’s Wedding Menu); এটি দুই ধনী বণিক পরিবারের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতার প্রদর্শন। লক্ষীন্দরের পিতা চাঁদবেনে যেমন সুপরিচিত বণিক, তেমনই বেহুলার পিতা সায়বেনেও উজানী নগরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এই বিয়ের আয়োজন তাই স্বাভাবিকভাবেই ছিল এলাহী। পোশাক, অলংকার, অতিথি সমাগম সবকিছুর সঙ্গে সঙ্গে বিশেষ গুরুত্ব পেয়েছিল খাওয়াদাওয়া। কারণ মধ্যযুগীয় বাংলায় ভোজ ছিল সামাজিক মর্যাদার অন্যতম প্রধান সূচক।

খাদ্যের মাধ্যমে ক্ষমতার প্রকাশ (Behula-Lakshindar’s Wedding Menu)
মনসামঙ্গলে বেহুলা–লক্ষীন্দরের বিবাহভোজের যে খাদ্যতালিকা পাওয়া যায়, তা আমাদের সামনে এক বিস্ময়কর চিত্র তুলে ধরে। এটি যেন এক মধ্যযুগীয় ‘মেনু কার্ড’, যা থেকে আমরা সেই সময়ের খাদ্যাভ্যাস, প্রাপ্যতা ও রন্ধনশৈলীর পরিচয় পাই। এই ভোজের প্রতিটি পদই বলে দেয় এটি সাধারণ মানুষের ভোজ নয়, বরং অভিজাত শ্রেণির রুচির প্রতিফলন।
বাঙালির স্বাদের শিকড় (Behula-Lakshindar’s Wedding Menu)
ভোজের শুরুতেই দেখা যায় শাক ও নিরামিষ পদগুলির প্রাধান্য, সেদ্ধ বাঁশপাতা দিয়ে শুক্তা, আদা দেওয়া শুক্তুনি, পারদা মাছের শুক্তুনি, ঘিয়ে হেলেঞ্চা শাক, লাউ শাক, পলতা পাতা ভাজা এই পদগুলি প্রমাণ করে যে মধ্যযুগীয় বাঙালির রান্না ছিল অত্যন্ত সূক্ষ্ম ও পরিকল্পিত। শুক্তা বা শুক্তুনির মতো পদে তিক্ত, ঝাল ও মিষ্টির সুষম ব্যবহার দেখা যায়। অর্থাৎ, স্বাদের ভারসাম্য ও ঋতুভিত্তিক খাদ্যভাবনা তখনই প্রতিষ্ঠিত ছিল। আজ যাকে আমরা ‘বাঙালি খাবারের বৈশিষ্ট্য’ বলে চিনি, তার শিকড় এই মঙ্গলকাব্যেই প্রোথিত।
দৈনন্দিন থেকে উৎসবের টেবিলে (Behula-Lakshindar’s Wedding Menu)
মুগ ডাল, মুগের বড়ি, তিল বড়া, তিল কুমড়ো কিংবা ঘিয়ে ভাজা সিঙাড়া এই পদগুলি আমাদের জানায় যে দৈনন্দিন খাবারও উৎসবের ভোজে বিশেষ মর্যাদা পেত। বড়ি ও ডালের ব্যবহার দেখিয়ে দেয় সংরক্ষণযোগ্য খাদ্যপ্রণালীর চল। আবার তিলজাত খাদ্যের উপস্থিতি ইঙ্গিত করে কৃষিভিত্তিক সমাজ ও তেলবীজ চাষের গুরুত্ব।
নদীমাতৃক বাংলার আত্মপরিচয় (Behula-Lakshindar’s Wedding Menu)
মঙ্গলকাব্যের এই ভোজে মাছের যে আধিক্য দেখা যায়, তা বাংলার ভূপ্রকৃতির স্বাভাবিক ফল, চিতল মাছের পেটিভাজা, মাগুর মাছের ঝাল, চিংড়ির রসালাস, রুই মাছের মাথা দিয়ে মাসকলাই, বোয়াল মাছের ঝোল, ইলিশ মাছ ভাজা এই তালিকা প্রমাণ করে নদী, জলাভূমি ও মাছ ছিল বাঙালির জীবনের কেন্দ্রবিন্দু। বিশেষভাবে উল্লেখযোগ্য মাছের মাথা দিয়ে ডাল রান্নার রীতি। এটি অপচয়বিরোধী মানসিকতার পাশাপাশি স্বাদের গভীরতা নির্দেশ করে যা আজও বাঙালি রান্নার একটি স্বাতন্ত্র্য।
অভিজাত সমাজের বিলাস (Behula-Lakshindar’s Wedding Menu)
এই ভোজে পরিবেশিত হরিণ, পায়রা ও কচ্ছপের মাংস স্পষ্টভাবে অভিজাত শ্রেণির পরিচয় বহন করে। বনজ ও দুর্লভ প্রাণীর মাংস তখন ক্ষমতা, প্রাচুর্য ও শিকারের অধিকারের প্রতীক। আজকের নৈতিক দৃষ্টিতে এই খাদ্যবস্তুকে আমরা প্রশ্ন করতে পারি, কিন্তু ঐতিহাসিকভাবে এগুলি মধ্যযুগীয় সমাজের বাস্তব চিত্রই তুলে ধরে।
বাঙালির উৎসবের মধুর সমাপ্তি (Behula-Lakshindar’s Wedding Menu)
ভোজের শেষ পর্বে ক্ষীরের পিঠে, পাট পিঠে, চন্দ্রপুলি ও নলবড়া চন্দ্রকান্তির উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ। পিঠে-পুলিকে অনেক সময় গ্রাম্য খাদ্য বলে অবহেলা করা হয়, কিন্তু এই তালিকা প্রমাণ করে পিঠে ছিল অভিজাত উৎসবেরও অবিচ্ছেদ্য অংশ। দুধ, ক্ষীর ও চালনির্ভর মিষ্টান্ন বাঙালির কৃষিভিত্তিক অর্থনীতি ও খাদ্যসংস্কৃতির গভীর যোগসূত্রের কথা মনে করিয়ে দেয়।
আরও পড়ুন: Bank: ধাক্কা ব্যাঙ্কিং পরিষেবায়, ৫ দিনের কাজের দাবিতে ডাক ব্যাঙ্ক ধর্মঘটের
মঙ্গলকাব্য কেন ইতিহাসের দলিল
মনসামঙ্গলের এই একটি বিবাহভোজের বর্ণনাই দেখিয়ে দেয়মঙ্গলকাব্য শুধু দেবতার কাহিনি নয়। এটি সমাজ, অর্থনীতি, পরিবেশ ও সংস্কৃতির এক সমন্বিত দলিল। খাবারের মধ্যেই ধরা পড়ে শ্রেণিভেদ, প্রাপ্যতা, রুচি ও ক্ষমতার ভাষা। এই কারণেই মঙ্গলকাব্যকে উপেক্ষা করা মানে বাঙালির শিকড়কে উপেক্ষা করা।



