Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মেট্রো, শহরের লাইফলাইন বললেও অত্যুক্তি হয় না (Kolkata Metro)। লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন যাত্রার ভরসা এই পরিষেবা। কিন্তু সেই ভরসাতেই বারবার ফাটল ধরছে। বুধবার দিনের শুরুতেই ফের সেই চেনা সমস্যার মুখে পড়ল মেট্রোর ব্লু লাইন। দক্ষিণেশ্বরের কাছে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির জেরে প্রায় দু’ঘণ্টা পরিষেবা বন্ধ থাকায় সাতসকালেই চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা।

দক্ষিণেশ্বর থেকে মেট্রো চলাচল বন্ধ (Kolkata Metro)
মেট্রো সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর থেকেই দক্ষিণেশ্বরের কাছে লাইনে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। এর জেরে আপ ও ডাউন দুই লাইনেই দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়। ফলে যারা সকালের প্রথম দিকের ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছেছিলেন, তাঁদের অনেকেই আটকে পড়েন অনিশ্চয়তার মধ্যে। যাত্রীদের অভিযোগ, এই প্রযুক্তিগত সমস্যার কারণে অন্তত দুটি মেট্রো বাতিল হয়। কিন্তু সে বিষয়ে কর্তৃপক্ষের তরফে আগাম কোনও ঘোষণা বা স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে।
বরানগর থেকে ব্রিজি পর্যন্ত সীমিত চলাচল (Kolkata Metro)
সিগন্যালিং সমস্যার কারণে দক্ষিণেশ্বর থেকে ট্রেন চালানো সম্ভব না হলেও মেট্রো কর্তৃপক্ষ ভাঙা পথে পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়। বরানগর থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো চলাচল করছিল, যাতে যাত্রী পরিষেবা পুরোপুরি বন্ধ না হয়ে যায়। তবে এই সীমিত পরিষেবাতেও চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। ভিড় বেড়ে যায় ট্রেনে ও প্ল্যাটফর্মে। অনেক যাত্রী বাধ্য হয়ে বাস, অটো কিংবা ট্যাক্সির দ্বারস্থ হন, যার ফলে রাস্তায়ও বাড়তি চাপ তৈরি হয়।

প্রায় দু’ঘণ্টা পরে স্বাভাবিক পরিষেবা (Kolkata Metro)
মেট্রো সূত্রে জানানো হয়েছে, সমস্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে পৌঁছন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতির কাজ। দীর্ঘ প্রায় দু’ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর অবশেষে সিগন্যালিং সমস্যার সমাধান হয়। পরবর্তীতে মেট্রো কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ব্লু লাইনে বর্তমানে পরিষেবা স্বাভাবিক রয়েছে। যদিও ততক্ষণে বহু যাত্রীর কর্মদিবস কার্যত এলোমেলো হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Bank: ধাক্কা ব্যাঙ্কিং পরিষেবায়, ৫ দিনের কাজের দাবিতে ডাক ব্যাঙ্ক ধর্মঘটের
যাত্রীদের আস্থায় বড় ধাক্কা
যাত্রীদের একাংশের অভিযোগ, ব্লু লাইনের সিগন্যালিং সমস্যা আর ব্যতিক্রম নয় এটি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে সকালবেলায় এই ধরনের বিভ্রাট হলে তার প্রভাব পড়ে সবচেয়ে বেশি। হুগলি জেলা এবং শহরের উত্তর প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলিতে কর্মস্থলে পৌঁছতে এই রুটের উপর সম্পূর্ণ নির্ভরশীল। সিগন্যালিং সমস্যার জেরে তাঁদের অনেকেই নির্ধারিত সময়ে অফিসে পৌঁছতে পারেননি।



