Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের অন্নপূর্ণা যোজনাকে ঘিরে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল সরকার (Annapurna Yojana)। এই প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পাওয়া উপভোক্তাদের তালিকা নতুন করে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কারা প্রকৃতপক্ষে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য, আর কারা নিয়মের বাইরে থেকেও তালিকায় রয়েছেন, তা খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছে নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দপ্তর। আগামী ৫ নভেম্বরের মধ্যে গোটা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
অক্টোবর মাসে যাঁরা পেয়েছেন ৩ হাজার টাকা (Annapurna Yojana)
দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসে অন্নপূর্ণা যোজনার আওতায় যাঁরা ৩ হাজার টাকা পেয়েছেন, তাঁদের নাম ধরে ধরে উপভোক্তা তালিকা পরীক্ষা করা হবে। এই তালিকায় কোনও সরকারি কর্মী, আয়করদাতা, মৃত ব্যক্তি কিংবা প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্য কোনও অযোগ্য ব্যক্তি রয়েছেন কি না, তা বিশেষভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। অর্থাৎ, সরকারি আর্থিক সহায়তা যাতে প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছেই পৌঁছয়, তা নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
অযোগ্য ঘোষণা করার আগে বাধ্যতামূলক ক্ষেত্রসমীক্ষা (Annapurna Yojana)
তবে শুধুমাত্র নথি বা তালিকায় কোনও অসংগতি দেখেই কাউকে অযোগ্য ঘোষণা করা যাবে না। দপ্তরের নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনও উপভোক্তার নাম বাদ দেওয়ার আগে বাধ্যতামূলকভাবে ক্ষেত্রসমীক্ষা বা ফিল্ড এনকোয়ারি করতে হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট উপভোক্তার বাস্তব পরিস্থিতি সরেজমিনে যাচাই করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। যাচাইয়ের পর যাঁদের অযোগ্য বলে চিহ্নিত করা হবে, তাঁদের পৃথক তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি সরকারি পোর্টালেও সংশ্লিষ্ট উপভোক্তাদের অযোগ্য হিসেবে মার্ক করার নির্দেশ দেওয়া হয়েছে।
পেমেন্ট ফেল হলে আধার আপডেটের উদ্যোগ (Annapurna Yojana)
অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর ক্ষেত্রে যাঁদের পেমেন্ট ব্যর্থ হয়েছে, তাঁদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে দপ্তর। সংশ্লিষ্ট উপভোক্তাদের আধার সংক্রান্ত নথিতে কোনও সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আপডেট করার ব্যবস্থা করতে হবে। এই কাজে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির সঙ্গে সমন্বয় রেখে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Kolkata Development: লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে কলেজ স্ট্রিট, বদলাবে বইপাড়া
৫ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ
গোটা যাচাই প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জেলা শাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। ফলে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা নিয়ে প্রশাসনিক তৎপরতা আরও বাড়তে চলেছে।



