Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: বেলডাঙায় কলকাতা হাইকোর্টের এনআইএ (NIA) তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করল না। শীর্ষ আদালত মামলাটি পুনরায় কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছে। এখন থেকে কলকাতা হাইকোর্টেই তদন্তের রিপোর্ট দেবে এনআইএ। বিশেষ করে মামলায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন তথা ইউএপিএ-এর (UAPA) ১৫ নম্বর ধারা যুক্ত করার স্বপক্ষে কী তথ্য আছে, এনআইএ-কে সেই যুক্তি দিতে হবে। সেই রিপোর্ট দেখেই পরবর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশের প্রেক্ষাপট(Supreme Court)
গত জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, কেন্দ্র চাইলে এনআইএ-কে দিয়ে তদন্ত করাতে পারে। সেই সঙ্গে রাজ্যকেও হাইকোর্ট বলেছিল, প্রয়োজনে কেন্দ্রের থেকে আরও কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে তারা। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
সুপ্রিম বেঞ্চের পর্যবেক্ষণ(Supreme Court)
বুধবার সুপ্রিম কোর্টের(Supreme Court)প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি বলেন, “বেলডাঙায় অশান্তির ঘটনায় প্রায় এক মাস আগে এনআইএ তদন্তভার দেওয়া হয়েছিল। তারা এফআইআরও দায়ের করেছে। কিন্তু ইউএপিএ-এর ধারা এক্ষেত্রে প্রয়োগ করা হবে কিনা, সেই নিয়ে এখনই আমরা কোনও মতামত দিতে চাই না। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট।” সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, এনআইএ-কে মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে।
আরও পড়ুন: Manipur: শান্ত মণিপুরে ফের আগুন! নতুন সরকার গঠনের পরই উত্তপ্ত উখরুল
নথি হস্তান্তর নিয়ে এনআইএ-রাজ্য সংঘাত
এদিনের শুনানিতে এনআইএ-এর আইনজীবী আদালতে অভিযোগ করেন, হাইকোর্টের নির্দেশের পরও রাজ্যের পক্ষ থেকে তদন্তের নথি তাদের হাতে এখনও তুলে দেওয়া হয়নি। পাল্টা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ যথাযথ পদক্ষেপ করেছে। ইতিমধ্যেই অশান্তির ঘটনায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং কাউকেই জামিন দেওয়া হয়নি। সেই সঙ্গে তিনি দাবি করেন, একমাত্র পশ্চিমবঙ্গেই এনআইএ এত সক্রিয়ভাবে তদন্ত করছে।
আরও পড়ুন: Abhishek Speaker: স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় কেন নেই তৃণমূল? ইন্ডিয়া’ জোটের অন্দরে নয়া বিতর্ক
এনআইএ-র যুক্তি
শুনানি চলাকালীন এনআইএ-এর আইনজীবী আদালতে জানান, বেলডাঙা একটি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং অত্যন্ত সংবেদনশীল। ওই অশান্তির ঘটনায় ঘর-বাড়ি-দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি সেখানে আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য মারাত্মক অস্ত্রও ব্যবহার করা হয়েছে বলে এনআইএ দাবি করেছে। এই তথ্যের ভিত্তিতেই ইউএপিএ ধারার প্রাসঙ্গিকতা খতিয়ে দেখবে হাইকোর্ট।


