Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভাষা হল নিজেকে প্রকাশের মাধ্যম। প্রতিবছর ২১ ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যার ইতিহাসে জড়িয়ে বাঙালির গর্ব, বাঙালির অহংকার(Matribhasha Dibas)। সারা বিশ্ব জুড়ে এই দিনটি সাড়ম্বরে পালিত হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”হিসাবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (Matribhasha Dibas)
ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির পরিচয়, সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতীক। সেই মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াই থেকেই জন্ম নিয়েছে এই বিশেষ দিবস।১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে UNESCO-র সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব গৃহীত হয়। ১৮৮টি দেশ এই প্রস্তাব সমর্থন করে। এরপর ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে দিনটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। পরবর্তীতে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনেও এই স্বীকৃতি আরও দৃঢ় হয়।
শিকড় নিহিত ভাষা আন্দোলনে (Matribhasha Dibas)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শিকড় নিহিত রয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে। দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় আপামর বাঙালি । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে মিছিলে নামলে পুলিশ গুলি চালায়। শহিদ হন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক সহ আরও অনেকে। এই আত্মবলিদানই ভাষা আন্দোলনকে চূড়ান্ত রূপ দেয়।
ক্রমবর্ধমান গণআন্দোলনের চাপে ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় সরকার। পরে স্বাধীন বাংলাদেশে ১৯৮৭ সালে ‘বাংলা ভাষা প্রচলন বিল’ পাশ হয়, যা প্রশাসনিক ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে।
আরও পড়ুন: SIR Final List : ২৮ ফেব্রুয়ারিই SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ: স্পষ্ট বার্তা জ্ঞানেশ কুমারের
আন্তর্জাতিক স্বীকৃতির পিছনের উদ্যোগ (Matribhasha Dibas)
১৯৯৮ সালে কানাডা প্রবাসী দুই বাঙালি রফিকুল ইসলাম ও আবদুস সালাম ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার দাবিতে রাষ্ট্রসংঘের কাছে আবেদন জানান। তাঁদের উদ্যোগ ও বিভিন্ন দেশের সমর্থনের ফলেই ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। পরে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদেও বিষয়টি সর্বসম্মতভাবে গৃহীত হয়।



