Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনয় জগৎ থেকে রাজনীতির অঙ্গন দু’টি ভিন্ন মঞ্চে সমান স্বচ্ছন্দ উপস্থিতি যার (Kangana Ranaut), তিনি কঙ্গনা রানাউত। বরাবরই স্পষ্টভাষী, আত্মবিশ্বাসী এবং বিতর্ক-ঘেরা এই তারকা আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনও রাজনৈতিক মন্তব্য নয়, বরং একটি হিরের আংটি ও গুজরাটের পাটোলা শাড়ি ঘিরেই নতুন জল্পনা।

অভিনয় ও রাজনীতি দু’মুখী যাত্রা (Kangana Ranaut)
বলিউডে একের পর এক উল্লেখযোগ্য ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা শক্ত করেছিলেন কঙ্গনা। নারী-কেন্দ্রিক চরিত্রে তাঁর সাবলীল অভিনয় তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার থেকে শুরু করে অসংখ্য সম্মান। তবে শুধুমাত্র রূপালি পর্দাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। রাজনীতির ময়দানে প্রবেশের পরেও তাঁর ব্যক্তিত্বে সেই দৃঢ়তা অটুট। বর্তমানে তিনি হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের সাংসদ। সংসদীয় দায়িত্ব সামলানোর পাশাপাশি অভিনয় ও প্রযোজনার কাজও সমান তালে চালিয়ে যাচ্ছেন। ফলে তিনি একাধারে শিল্পী ও জনপ্রতিনিধি এই দ্বৈত পরিচয়ই তাঁকে আলাদা করে তোলে।
এক ঝলক ছবি, আর তাতেই জল্পনার ঝড় (Kangana Ranaut)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কয়েকটি ছবিতেই শুরু হয়েছে নতুন চর্চা। ছবিতে দেখা যায়, তাঁর বাম হাতের অনামিকায় ঝলমলে হিরের আংটি। সাধারণত অনামিকায় আংটি পরা মানেই অনেকের কাছে বাগদানের ইঙ্গিত আর সেই ধারণা থেকেই শুরু হয় জল্পনা। কেউ কেউ আবার তাঁর পরনের গুজরাটের বিখ্যাত পাটোলা সিল্ক শাড়ির সঙ্গে বিষয়টিকে মিলিয়ে দেখেছেন। পাটোলা শাড়ি গুজরাটের ঐতিহ্যবাহী ও ব্যয়বহুল হ্যান্ডলুম শিল্পের নিদর্শন। এর সূক্ষ বুনন ও উজ্জ্বল রঙ দীর্ঘদিন ধরেই ফ্যাশনপ্রেমীদের আকর্ষণ করে। কঙ্গনার সেই শাড়ি-প্রীতি দেখে অনেকেই ধারণা করছেন, হয়তো তাঁর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ও গুজরাটের সঙ্গে যুক্ত!
গুজরাটি পাত্র? নাকি নিছক কাকতাল? (Kangana Ranaut)
এমন জল্পনা অবশ্য এই প্রথম নয়। গত দীপাবলিতেও তাঁকে গুজরাটের শাড়িতে দেখা গিয়েছিল। বারবার গুজরাটি হ্যান্ডলুমের প্রতি তাঁর অনুরাগ অনেকের কৌতূহল বাড়িয়েছে। তার সঙ্গে অনামিকায় হিরের আংটি এই দুই সূত্র মিলিয়ে নেটপাড়ার একাংশ দু’য়ে দু’য়ে চার করতে চাইছেন। তবে এই সমস্ত অনুমানই এখনও কল্পনার পর্যায়ে। কঙ্গনা নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়ে গেছে।

সমর্থকদের পাল্টা যুক্তি (Kangana Ranaut)
নেটিজেনদের আরেক অংশ কিন্তু কঙ্গনার পক্ষেই সওয়াল তুলেছেন। তাঁদের বক্তব্য, একজন সফল অভিনেত্রী ও সাংসদ হিসেবে কঙ্গনার নিজের জন্য হিরের আংটি কেনার সামর্থ্য যথেষ্ট। সেটি বাগদানের প্রতীক না-ও হতে পারে। অনেকে আবার যুক্তি দিয়েছেন অনামিকায় আংটি পরলেই তা বাগদানের ইঙ্গিত হবে, এমন কোনও লিখিত নিয়ম নেই। ফ্যাশনের দুনিয়ায় আংটি পরার ধরন অনেক সময়ই নিছক স্টাইল স্টেটমেন্ট।
ফ্যাশনে ভারতীয় ঐতিহ্যের ছাপ (Kangana Ranaut)
কঙ্গনা বরাবরই ফ্যাশন-সচেতন। তবে রাজনীতিতে প্রবেশের পর তাঁর সাজপোশাকে লক্ষণীয় পরিবর্তন এসেছে। শাড়ি, বিশেষত সুতি ও হ্যান্ডলুম, এখন তাঁর নিত্যসঙ্গী। সংসদে যাওয়ার সময় তাঁকে প্রায়শই দেখা যায় সাধারণ অথচ রুচিশীল শাড়িতে। হিমাচলী ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে লাদাখের সূক্ষ কারুকার্য তাঁর পোশাকের মাধ্যমে ভারতীয় বৈচিত্র্যের বহুমাত্রিক রূপ ফুটে ওঠে। এই ভাবমূর্তিই তাঁকে একদিকে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী, অন্যদিকে আধুনিক আত্মনির্ভর নারীর প্রতীক করে তুলেছে।

আরও পড়ুন: US Iran: ইরানে সামরিক অভিযান আমেরিকার, আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের
চিরকালই রহস্যে ঘেরা
কঙ্গনার ব্যক্তিগত জীবন বরাবরই সংবাদমাধ্যমের কৌতূহলের বিষয়। সম্পর্ক, বিচ্ছেদ, বিতর্ক সব কিছু নিয়েই বহুবার শিরোনামে উঠেছেন তিনি। কিন্তু নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বরাবরই সংযত থেকেছেন। এই আংটি-জল্পনাও হয়তো সময়ের সঙ্গে নিজে থেকেই স্পষ্ট হয়ে যাবে। অথবা হয়তো এটি নিছক একটি অলঙ্কার, যার সঙ্গে কোনও বিশেষ অর্থ জড়িত নয়।



