Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে একটি অঙ্গনওয়াড়ি (ICDS Food) কেন্দ্রের খাবার ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। নগেন্দ্রপুর উত্তরপাড়া আইসিডিএস কেন্দ্রে শিশুদের জন্য রান্না করা দুপুরের খাবারে মরা টিকটিকি পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই খাবার খেয়ে অন্তত ১৫ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ পড়ুয়ারা (ICDS Food)
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিয়মমাফিক (ICDS Food) শিশুদের খাবার পরিবেশন করা হচ্ছিল। সেই সময় এক শিশুর থালায় হঠাৎই একটি মৃত টিকটিকি দেখতে পাওয়া যায়। তবে ততক্ষণে কয়েকজন শিশু ওই খাবার খেয়ে ফেলেছিল বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন শিশুর পেটে ব্যথা শুরু হয় এবং তারা বমি করতে থাকে। ঘটনাটি জানাজানি হতেই অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত অসুস্থ শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসা ব্যবস্থার তদারকি
ঘটনার খবর পেয়ে রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা হাসপাতালে পৌঁছে শিশুদের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি চিকিৎসক হওয়ায় নিজেই চিকিৎসা ব্যবস্থার তদারকি করেন। তাঁর নির্দেশে বিএমওএইচ ও মেডিক্যাল অফিসারদের একটি বিশেষ দল ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করে। এলাকায় আরও কেউ অসুস্থ হচ্ছে কি না, সেদিকেও নজর রাখা হচ্ছে। জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে দু’টি অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন: US Iran Conflict: ভারত মহাসাগরে মার্কিন হামলার পাল্টা জবাব দিল ইরান!
ব্লক প্রশাসনকে তদন্তের নির্দেশ
রান্না করা খাবারে কীভাবে টিকটিকি এল, তা খতিয়ে দেখতে ব্লক প্রশাসনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। তাঁদের দাবি, রান্নার দায়িত্বে থাকা কর্মীদের গাফিলতির ফলেই শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। অভিযুক্ত রাঁধুনির অপসারণের দাবিও তুলেছেন তারা। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ শিশুদের আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।


