Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় উত্তেজনা (Air India) ক্রমেই বাড়ছে। ইরান, ইজরায়েল এবং আমেরিকার সংঘাতের জেরে অস্থির হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চল। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। বহু ভারতীয় বিদেশে আটকে পড়েছেন, আবার অনেক বিদেশি যাত্রীও ভারত থেকে ফিরতে পারছেন না। এই জটিল পরিস্থিতির মধ্যেই স্বস্তির খবর শোনাল দেশের দুই বড় বিমান সংস্থা-Air India এবং IndiGo।
বিশেষ উড়ানের পরিকল্পনা (Air India)
বুধবার থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন শহর থেকে বিশেষ বিমান পরিষেবা চালুর ঘোষণা করেছে তারা। এর ফলে আটকে পড়া যাত্রীদের দেশে ফিরতে বা গন্তব্যে পৌঁছতে কিছুটা স্বস্তি মিলবে বলেই আশা করা হচ্ছে। বিমান সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই এই বিশেষ উড়ানের পরিকল্পনা করা হয়েছে।

বাড়াচ্ছে পরিষেবা
পরিকল্পনা অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ থেকে মোট ৫৮টি বিশেষ উড়ান চালাবে Air India। অন্যদিকে, পশ্চিম এশিয়ার আটটি গন্তব্যে পরিষেবা চালাবে IndiGo। ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে ভারতীয় বিমান সংস্থাগুলি তাদের পরিষেবা আরও বাড়াচ্ছে।
নির্ধারিত উড়ান চালানোর পরিকল্পনা
বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ উড়ান চালাতে সংশ্লিষ্ট দেশগুলির কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হচ্ছে। দিল্লি ও মুম্বই থেকে জেড্ডা পর্যন্ত একটি ‘রাউন্ড ট্রিপ’ পরিচালনার পরিকল্পনা করেছে Air India। পাশাপাশি মাস্কাটেও নির্ধারিত উড়ান চালানোর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে IndiGo জানিয়েছে, ইউরোপের নির্বাচিত রুটের পাশাপাশি পশ্চিম এশিয়ার বিভিন্ন শহরে তারা পরিষেবা চালু রাখবে।

আরও পড়ুন: Air India: জ্বালানির দামেই কি চাপ পড়ছে এয়ার ইন্ডিয়া-র উপর
বাড়ছে সারচার্জ
উল্লেখযোগ্য বিষয় হল, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত তীব্র আকার নিয়েছে। ইজরায়েলও সেই সংঘাতে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। একাধিক দেশের আকাশসীমা আংশিকভাবে বন্ধ থাকায় আন্তর্জাতিক বিমান চলাচলে বড় প্রভাব পড়েছে।এই অস্থির পরিস্থিতির মধ্যেই আরেকটি সিদ্ধান্তের কথা জানিয়েছে Air India। আগামী ১২ মার্চ থেকে দেশীয় উড়ানের টিকিটে ৩৯৯ টাকা সারচার্জ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রেও ভাড়া বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। ফলে যাত্রীদের একদিকে যেমন বিশেষ উড়ানের সুবিধা মিলবে, অন্যদিকে বাড়তি খরচের চাপও সামলাতে হবে।


