Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভুটানে হিমবাহের (Bhutan Lake Outburst) লেক থেকে বিপুল পরিমাণ জল নেমে আসার আশঙ্কায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তিব্বত সীমান্ত সংলগ্ন ভুটানের শিনটাফু লেক ভেঙে যাওয়ার খবর সামনে আসতেই সতর্কতা জারি করেছে সেখানকার প্রশাসন। আশঙ্কা করা হচ্ছে, ওই জলাধার থেকে প্রায় ৭৪ লক্ষ ঘনমিটার জল বেরিয়ে আসতে পারে। পরিস্থিতি মোকাবিলায় মো নদীর আশপাশের এলাকায় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বিপদের সংকেত দিতে বাজানো হচ্ছে সাইরেনও।
পরিস্থিতির প্রভাব কোথায়? (Bhutan Lake Outburst)
এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে পুনাসাংচু (Bhutan Lake Outburst) নদী অববাহিকাতেও। আচমকা নদীর জলস্তর বেড়ে গেলে পুনাসাংচু জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষতির আশঙ্কা রয়েছে। ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে তৈরি এই প্রকল্পের উপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুনাসাংচু নদীই পশ্চিমবঙ্গ ও অসমে প্রবেশের পর সঙ্কোশ নামে পরিচিত। ফলে ভুটানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে উত্তরবঙ্গের নদী তীরবর্তী এলাকাগুলিতেও।
বিভিন্ন জেলায় সতর্কতা জারি
ইতিমধ্যেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের পরিস্থিতির উপর নজর রাখতে এবং জলস্তর বাড়তে দেখলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিভিক ভলান্টিয়ার, গ্রাম পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।


