Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রমজানের শেষ প্রহরে এসে ইদ-উল-ফিতরের (Eid 2026) অপেক্ষায় বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়। তবে এ বছরের উৎসবের দিনক্ষণ নির্ধারণে চাঁদ দেখা নিয়েই তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা। সৌদি আরব কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে রমজান পূর্ণ ৩০ দিন সম্পন্ন হবে এবং শুক্রবার, ২০ মার্চ পালিত হবে ইদ-উল-ফিতর।
উৎসবের আয়োজন শুরু জোরকদমে (Eid 2026)
সৌদি আরবের ঘোষণার পর সংযুক্ত আরব আমিরশাহি (Eid 2026), তুরস্ক, বাহরিন, কাতার, কুয়েত এবং লেবাননের মতো একাধিক দেশও একই সিদ্ধান্ত নিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অংশে একই দিনে উৎসব পালনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশে ছুটি ঘোষণা, বিশেষ নামাজের প্রস্তুতি এবং উৎসবের আয়োজন শুরু হয়েছে জোরকদমে।

চাঁদ কখন দেখা যাবে? (Eid 2026)
অন্যদিকে ভারতে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে স্থানীয়ভাবে চাঁদ দেখার উপর। দেশে রমজান শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে বৃহস্পতিবার, ১৯ মার্চ রোজার ২৯তম দিন। এদিন সন্ধ্যায় যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে শুক্রবারই ইদ উদযাপিত হবে। তবে যদি চাঁদ না দেখা যায়, তাহলে রোজা আরও একদিন চলবে এবং শনিবার, ২১ মার্চ পালিত হবে ইদ। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন ধর্মীয় সংস্থা ও কর্তৃপক্ষের দিকে নজর রয়েছে সাধারণ মানুষের। চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা এলেই নির্ধারিত হবে উৎসবের দিনক্ষণ।

আরও পড়ুন: RG Kar Victims Mother: পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা! লড়বেন বিধানসভা নির্বাচনে
এদিকে সংযুক্ত আরব আমিরশাহিতে এবারের ইদের আয়োজনেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স দফতর জানিয়েছে, ইদের নামাজ এবার খোলা মাঠে নয়, শুধুমাত্র মসজিদের ভিতরে আয়োজন করা হবে। অন্যদিকে কাতারে সরকারি কর্মীদের জন্য প্রায় এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে, যা উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। ইদ-উল-ফিতর মূলত এক মাসের রোজা, সংযম ও আত্মশুদ্ধির পর আনন্দ ও মিলনের উৎসব। নামাজ, দান-ধ্যান এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। এখন শুধু অপেক্ষা-ভারতের আকাশে চাঁদের দেখা মিললেই চূড়ান্ত হবে উৎসবের দিন।



