Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার যাতায়াত ব্যবস্থায় (Uber Shuttle) বড় ধাক্কা। জনপ্রিয় অ্যাপ-ক্যাব সংস্থা উবারের শাটল পরিষেবা বন্ধ হওয়ার পথে, আর তাতেই দুশ্চিন্তায় পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৩ এপ্রিল থেকেই কলকাতা ও শহরতলিতে এই পরিষেবা আর পাওয়া যাবে না। গত সাড়ে তিন বছরে অফিসগামী মানুষের কাছে অত্যন্ত ভরসাযোগ্য হয়ে উঠেছিল এই শাটল ব্যবস্থা, ফলে আচমকা বন্ধের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অসন্তোষ বাড়ছে।
বিকল্পের খোঁজে (Uber Shuttle)
বিশেষ করে গরমের সময় ভিড় বাসে ঝুলে যাতায়াতের (Uber Shuttle) যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিল এই পরিষেবা। নির্দিষ্ট রুটে আরামদায়ক যাত্রা, তুলনামূলক কম খরচ এবং সময় বাঁচানোর সুবিধার কারণে দ্রুত জনপ্রিয় হয়েছিল শাটল। প্রতিদিন বহু চাকুরিজীবী এই পরিষেবার ওপর নির্ভর করতেন। ফলে পরিষেবা বন্ধ হয়ে গেলে তাঁদের বিকল্প খুঁজতে হবে, যা সহজ নয় বলেই মনে করছেন অনেকে।

আর্থিক ক্ষতির আশঙ্কা (Uber Shuttle)
তবে বিকল্প হিসেবে নতুন পরিষেবার আশা দেখাচ্ছে একটি বেসরকারি সংস্থা, যারা খুব শিগগিরই কলকাতায় একই ধরনের শাটল পরিষেবা চালু করতে পারে। এছাড়াও বাইক-ট্যাক্সি, কারপুল বা মেট্রোর মতো পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করতে হতে পারে যাত্রীদের।

অন্যদিকে, এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন গাড়ির চালক ও মালিকরা। শাটল পরিষেবার আশায় অনেকেই বড় গাড়ি কিনে এই ব্যবস্থায় যুক্ত হয়েছিলেন। এখন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। গিল্ডের প্রতিনিধিদের মতে, শহরে প্রায় ৮০০ থেকে ১০০০টি গাড়ি এই পরিষেবার সঙ্গে যুক্ত ছিল।
কেন এই সিদ্ধান্ত?
সূত্রের দাবি, আর্থিক সমস্যার কারণেই এই পরিষেবা গুটিয়ে নিচ্ছে সংস্থা। পাশাপাশি লাভের পরিমাণ প্রত্যাশা অনুযায়ী না হওয়াও একটি বড় কারণ হতে পারে। সব মিলিয়ে, উবারের এই সিদ্ধান্ত কলকাতার পরিবহন ব্যবস্থায় নতুন করে চ্যালেঞ্জ তৈরি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


