Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর পথে নামলেন টলিপাড়ার শিল্পী, কলাকুশলীরা(Rahul Rally)। কালো ব্যাজ মিছিলে সামিল হয়ে প্রশ্ন তুললেন কার গাফিলতিতে এই দুর্ঘটনা? মিছিলে সামিল হন বহু সাধারণ মানুষ। প্রিয় অভিনেতার স্মৃতিতে সবার চোখেই জল।
রাহুলের স্মৃতিতে পথে টলিউড (Rahul Rally)
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অকালে ঝরে গিয়েছে এক শিল্পীর প্রাণ। কার গাফিলতিতে এই দুর্ঘটনা? শনিবার বিকেলে সেই প্রশ্নেরই জবাব খুঁজতে পথে নামলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত সঙ্গে জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, পাপিয়া অধিকারি-সহ টলিপাড়ার বিশিষ্টজনেরা।
মিছিলে সামিল সাধারণ মানুষও
টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে রাধা স্টুডিয়ো পর্যন্ত এই মিছিলে ঢল নামে জনতার। পিয়া, স্বরূপের নেতৃত্বে এই মৌনমিছিলে যোগ দেন সাধারণ মানুষও। অভিনেতা-অভিনেত্রীরা মিছিলে কালো ব্যাজ পরে অংশ নিয়েছিলেন। টেকনিশিয়ান স্টুডিয়োর বারান্দা থেকে রাস্তা শুধুই ভিড়। শুধু যে টলিপাড়ার চেনা মুখেদের দেখা মিলল, সে কথা বললে ভুল বলা হবে। রাহুলের ছবি গলায় ঝুলিয়ে দেখা গেল অভিনেতার বেশ কিছু অনুরাগীকেও। প্রশ্ন তুললেন সবাই, গাফিলতির দায় কার?
পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে থানায় এফআইআর
তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঘটনার ছদিন পরেও অনেকেই মেনে নিতে পারছেন না ঘটনা। কী ভাবে ঘটল এমন অঘটন? প্রশ্ন সবার মনে। রাহুলের মৃত্যুর স্বচ্ছ, পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে থানায় এফআইআর করেছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাস, যিশু সেনগুপ্তেরা।

ব্যক্তিগত উদ্যোগে মিছিলে অনেকেই (Rahul Rally)
আগেই আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছিল, এই মিছিলের আহ্বায়ক নন তাঁরা। কিন্তু কোনও শিল্পী যদি ব্যক্তিগত ভাবে মিছিলে যেতে চান, তাতে সংগঠনের কোনও সমস্যা নেই। এই বক্তব্যেই স্থির থাকলেন ফোরামের সভাপতি শান্তিলাল মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। তবে ব্যক্তিগত ভাবে রাস্তায় হাঁটতে দেখা গেল ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্রকে। ছেলে উজান গঙ্গোপাধ্যায়কে নিয়ে উপস্থিত হয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: Mamata Drone: মমতার কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন
প্রযোজক সংস্থার একটি বিবৃতি (Rahul Rally)
রাহুলের মৃত্যুর তিন দিন পরে একটি বিবৃতির মাধ্যমে নিজেদের বক্তব্য জানিয়েছিল লীনা এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস্’। কিন্তু, তার পরে সেই সংস্থার তরফে আর কিছু জানানো হয়নি।



