Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে (WB Election 2026) রেখে রাজ্যে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। দু’দফায় ভোটগ্রহণের সূচি ঘোষণা করা হয়েছে-২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হবে। ফল প্রকাশ নির্ধারিত হয়েছে ৪ মে। এই আবহে প্রার্থীরা যেমন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত, তেমনই শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন।
টানা হবে ‘লক্ষণরেখা’ (WB Election 2026)
সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল প্রতিটি পোলিং (WB Election 2026) বুথের চারপাশে ১০০ মিটার এলাকা নির্দিষ্ট করে দেওয়া। এই অংশে সাদা দাগ টেনে চিহ্নিত করা হবে এবং সেখানে শুধুমাত্র ভোটারদের প্রবেশের অনুমতি থাকবে। অন্য কোনও ব্যক্তি বা রাজনৈতিক কর্মী ওই এলাকায় ঢুকতে পারবেন না। ভোটারদের পরিচয় যাচাইয়ের দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসাররা এই সীমার বাইরে অবস্থান করবেন।
কঠোর নজরদারি (WB Election 2026)
নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে সিসিটিভি ব্যবস্থাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশের ক্যামেরাগুলির নিয়ন্ত্রণ থাকবে মুখ্য নির্বাচনী আধিকারিকের কন্ট্রোল রুমে, যাতে যে কোনও পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। পাশাপাশি আচরণবিধি ভঙ্গের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হবে।
বিশেষ স্লিপের ব্যবস্থা
ভোটারদের সুবিধার্থে ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণেও জোর দেওয়া হয়েছে। এই স্লিপে ভোটারের নাম, ঠিকানা, ভোটকেন্দ্রের অবস্থান, ভোটের সময় এবং একটি মানচিত্র থাকবে। এছাড়াও দ্রুত তথ্য যাচাইয়ের জন্য কিউআর কোড সংযোজন করা হয়েছে। দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেইল সম্বলিত বিশেষ স্লিপের ব্যবস্থাও রাখা হয়েছে।
আরও পড়ুন: Madhyamik Result 2026: মাধ্যমিকের ফলপ্রকাশ কবে? কীভাবে দেখবেন রেজাল্ট?
তবে চ্যালেঞ্জও কম নয়। কলকাতার একাধিক বুথে এখনও বিদ্যুৎ সংযোগ নেই, যা ওয়েব কাস্টিংয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তাই কমিশনের নির্দেশ-যেখানে বিদ্যুৎ নেই, সেখানে অস্থায়ী সংযোগ বা জেনারেটরের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পানীয় জল ও শৌচালয়ের মতো ন্যূনতম পরিষেবাও নিশ্চিত করতে বলা হয়েছে। সব মিলিয়ে, অবাধ ও নিরপেক্ষ ভোট আয়োজনেই জোর দিচ্ছে নির্বাচন কমিশন।


