Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী (Jharkhand)। কোবরা ব্যাটেলিয়ন ও চাতরা-হাজারিবাগ পুলিশের যৌথ অভিযানে নিহত হল মাওবাদী সংগঠন TSPC (Tritiya Sammelan Prastuti Committee)-র চার সদস্য। নিহতদের মধ্যে রয়েছে সংগঠনের জোনাল কমান্ডার সহদেব মাহাতো এবং তাঁর স্ত্রী তথা সাব-জ়োনাল কমান্ডার নাতাশা, জোনাল কমিটি সদস্য রঞ্জিত গানঝু এবং এরিয়া কমান্ডার বুধন কারমালি। সহদেবের মাথার দাম ১৫ লক্ষ টাকা ছিল বলে জানা গিয়েছে।

শীর্ষ নেতাদের মৃত্যু (Jharkhand)
সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ জেলার পিপারওয়ার ও কেরেদারি থানার সীমান্তবর্তী খাপিয়ার ঘন জঙ্গলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। জানা যায়, খাপিয়া এলাকার কোটি ঝর্ণার কাছে TSPC-র একাধিক সশস্ত্র সদস্য লুকিয়ে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই কোবরা ব্যাটেলিয়ন ও জেলা পুলিশের বিশেষ দল দ্রুত অভিযান শুরু করে।
গোপন সূত্রে অভিযান, জঙ্গলে তীব্র গুলিযুদ্ধ (Jharkhand)
অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীকে দেখতে পেয়েই মাওবাদীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। জঙ্গলের ভিতরে শুরু হয় তীব্র গুলির লড়াই। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। বেশ কিছুক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলার পর রাতের অন্ধকারে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে জঙ্গল চিরুনি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় চার জনের গুলিবিদ্ধ মৃতদেহ।

চিরুনি তল্লাশিতে মিলল দেহ ও অস্ত্রভাণ্ডার (Jharkhand)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা দীর্ঘদিন ধরে হাজারিবাগ-চাতরা সীমান্তের পারশনাথ-লুগুঝুমরা এলাকায় সক্রিয় ছিল।অভিযানস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং অন্যান্য যুদ্ধসামগ্রী। এতে স্পষ্ট, বড়সড় কোনও হামলার ছক কষছিল মাওবাদীরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে বলেই মনে করা হচ্ছে।
পালিয়ে গেল বাকি সদস্যরা (Jharkhand)
এদিকে, পুলিশ ও গোয়েন্দা সূত্রের দাবি, ওই জঙ্গলে অন্তত ১০ জনের একটি মাওবাদী দল লুকিয়ে ছিল। সংঘর্ষে চার জন নিহত হলেও বাকিরা জঙ্গলের কঠিন পাহাড়ি পথ ব্যবহার করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে আশঙ্কা। তাদের খোঁজে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান।

আরও পড়ুন: Ritwick Chakraborty: শাহী উচ্চারণ বিভ্রাট, মজার ছলে কটাক্ষ ঋত্বিকের
দুর্বল হবে TSPC?
খাপিয়ার জঙ্গল ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি চাতরা ও হাজারিবাগ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং জোরদার করা হয়েছে। আশেপাশের এলাকাতেও চলছে তল্লাশি। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই বাকি মাওবাদীদেরও ধরতে অভিযান আরও জোরদার করা হবে। এই অভিযানে TSPC-র বড়সড় ক্ষতি হয়েছে বলে মনে করছে নিরাপত্তা মহল। সংগঠনের শীর্ষ নেতৃত্বের এই ক্ষতি ভবিষ্যতে তাদের কার্যকলাপে বড় প্রভাব ফেলবে বলেও মত বিশেষজ্ঞদের।



