Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: স্কুলের জায়গা দখল করে জেলা পরিষদ সদস্যার স্বামীর প্রাসাদোপম বাড়ি, ৭ দিনের মধ্যে বাড়ি খালির নোটিশ দিলেন বিডিও, নোটিশে সাত দিন পরে বাড়ি ভেঙে জায়গার দখল নেওয়ার হুঁশিয়ারি। স্ত্রী বিভাবতী টুডু বাঁকুড়া জেলা পরিষদের তৃনমূল সদস্যা। স্বামী গৌর টুডু এলাকার দাপুটে তৃনমূল নেতা হিসাবে পরিচিত। আর সেই সুবাদে প্রভাব খাটিয়ে ২০১৬ সালে স্থানীয় একটি স্কুলের জায়গা দখল করে গড়ে তুলেছিলেন নিজেদের প্রাসাদোপম বাড়ি (Bankura)।

বাড়ি খালি করার নোটিশ (Bankura)
রাজ্য সরকারে পালাবদলের পর এবার সেই তৃনমূল নেতাকেই বাড়ি খালি করার নোটিশ ধরালেন স্থানীয় বিডিও। নোটিশে আগামী সাত দিন পরে বাড়ি ভেঙে সরকারি জমির দখল নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাঁকুড়ার জঙ্গলমহলে একসময় তৃনমূলের অত্যন্ত দাপুটে নেতা হিসাবে পরিচিত ছিলেন গৌর টুডু। স্থানীয়দের দাবি তৃনমূলের এসটি সেলের ওই নেতার কথায় একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেতো। তাঁর স্ত্রী ২০১৩ সাল থেকে লাগাতার ভাবে তৃনমূলের টিকিটে জিতে বাঁকুড়া জেলা পরিষদের সদস্যা আছেন।
নির্দেশ রানীবাঁধ ব্লকের বিডিওর (Bankura)
স্বামী ও স্ত্রী দুজনই রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০১৬ সালের গোড়ার দিকে রানীবাঁধ নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শতক জায়গা দখল করে নেন বলে অভিযোগ। সেই জায়গার উপর গড়ে তোলেন নিজেদের তিনতলা প্রাসাদোপম বাড়ি। সব জেনেশুনেও ভয়ে স্থানীয়রা এতদিন অভিযোগ জানানোর সাহস পাননি। দাপুটে ওই তৃনমূল দম্পতির বিরুদ্ধে পদক্ষেপ করার সাহস দেখায়নি স্থানীয় ব্লক প্রশাসনও। তবে রাজ্যে পালাবদলের পরই গত ১৬ জুন নোটিশ দিয়ে গৌর টুডুকে ওই জমির মালিকানা সংক্রান্ত নথি জমা করার নির্দেশ দেন রানীবাঁধ ব্লকের বিডিও।

অভিযুক্ত তৃনমূল নেতা (Bankura)
সেই নোটিশের ভিত্তিতে ২২ জুন গৌর টুডু স্থানীয় ব্লক ভূমি সংস্কার দফতরে মালিকানা সংক্রান্ত নথি জমা করেন। সেই নথিতে ওই তৃনমূল নেতা জমির মালিকানা প্রমাণ করতে পারেননি বলে জানা গেছে। এরপরই ২৩ জুন নোটিশ দিয়ে সরকারি জমির উপর তৈরী বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নোটিশে সাত দিন পর বাড়িটি ভেঙে সরকারি ওই জমির দখল নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। নোটিশ পেতেই পরিবার নিয়ে এলাকা থেকে বেপাত্তা হয়ে গেছেন অভিযুক্ত ওই তৃনমূল নেতা।
আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
সরকারি জমি পুনরুদ্ধারে প্রশাসনিক এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন এলাকার মানুষ। বিজেপিও প্রশাসনিক এই পদক্ষেপের প্রশংসা করেছে। তৃনমূল নেতৃত্বের দাবি সরকারি জায়গায় পাট্টা না পেলে কেউ বাড়ি নির্মাণ করতে পারেনা। এক্ষেত্রে প্রশাসন পদক্ষেপ করলে তাঁদের কিছু করার নেই।



