Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়ণ চক্রবর্তী: হাওড়া পুরসভার নির্বাচন কবে হবে, তা কোনও রাজনৈতিক দলের পার্টি অফিসে বসে ঠিক হবে না বলে বিধানসভায় স্পষ্ট বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর বক্তব্য, আগের সরকারের আমলে যে পদ্ধতিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হত, সেই পদ্ধতি আর চলবে না। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই রাজ্য সরকার নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।
জল জমা ও নিকাশি নিয়ে তীব্র আক্রমণ (Agnimitra Paul)
হাওড়ার জল জমার সমস্যা নিয়ে সরব হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, জল জমে থাকায় অনেক জায়গায় অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারছে না। নিকাশি ব্যবস্থার বেহাল দশার জন্য তিনি আগের সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, ড্রেন পরিষ্কার করতে গিয়ে গুচ্ছ গুচ্ছ প্লাস্টিক বেরিয়ে আসছে।
প্লাস্টিক ব্যবহারে পেনাল্টির ঘোষণা (Agnimitra Paul)
শহরের নিকাশি ব্যবস্থা সচল রাখতে প্লাস্টিক বর্জ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। আগামী ১ সেপ্টেম্বর থেকে পেনাল্টি ব্যবস্থা চালুর কথা জানিয়ে তিনি বলেন, নিকাশি নালায় প্লাস্টিক জমে জল নিষ্কাশনে বড় বাধা তৈরি করছে। তাই নাগরিক সচেতনতার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাও জরুরি।
বেআইনি বহুতল নিয়ে প্রশ্ন (Agnimitra Paul)
হাওড়ায় ছোট ছোট বাড়ি ভেঙে একের পর এক বহুতল তৈরি হওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, এর মধ্যে বহু নির্মাণ বেআইনি। তরতলার মতো ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য নির্মাণের অনুমতি ও নজরদারি ব্যবস্থা আরও কঠোর করার প্রয়োজন রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।
অরূপ বিশ্বাসকে নিশানা (Agnimitra Paul)
বিধানসভায় অগ্নিমিত্রা পাল সরাসরি প্রশ্ন তোলেন, আগের সময়ে হাওড়ার জন্য পরিকল্পিত মাস্টার প্ল্যান কেন করা হয়নি। অরূপ বিশ্বাসকে উদ্দেশ করে তাঁর প্রশ্ন, হাওড়ার রাস্তা, জল ও নিকাশি ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নের পরিকল্পনা আগে কেন নেওয়া হয়নি। তাঁর দাবি, বর্তমান সরকার হাওড়ার জন্য নতুন মাস্টার প্ল্যান আনছে।
অর্থ ও বস্তি পুনর্বাসন প্রসঙ্গ (Agnimitra Paul)
পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় ২০০ কোটি টাকা রাজ্য পায়নি বলেও বিধানসভায় উল্লেখ করেন অগ্নিমিত্রা পাল। পাশাপাশি বেলগাছিয়ার বস্তি পুনর্বাসনের প্রসঙ্গ তুলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও প্রশ্ন তোলেন তিনি। বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি কেন, তা নিয়ে প্রশ্ন করেন মন্ত্রী।
আরও পড়ুন: Prakash Raj SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ: কড়া প্রতিক্রিয়া অভিনেতা প্রকাশ রাজের
৫০ থেকে ৬৮—সংখ্যা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত
হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যার পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অগ্নিমিত্রা পাল। জনসংখ্যার ভিত্তিতেই এই পুনর্বিন্যাস করা হচ্ছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হচ্ছে। সব মিলিয়ে নিকাশি, রাস্তা, জল, বেআইনি নির্মাণ এবং প্রশাসনিক পরিকল্পনাকে সামনে রেখে হাওড়ার পরিকাঠামো ঢেলে সাজানোর বার্তা উঠে এসেছে তাঁর জবাবি ভাষণে।



