Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আবারও কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেকের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হয়েছিল ১৬টি এফআইআর। তার মধ্যে আগেই কলকাতা হাইকোর্ট অভিষেককে আটটি মামলায় রক্ষাকবচ দিয়েছিল।
আরও তিনটি এফআইআর এ রক্ষাকবচ (Abhishek Banerjee)
মঙ্গলবার তারমধ্যে ভবানীপুর (Abhishek Banerjee) থানা, দক্ষিণ ২৪ পরগণার কালীতলা এবং বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআর-এ রক্ষাকবচ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই তিন মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বা হেফাজতে নেওয়া যাবে না। তবে তদন্তে অভিষেককে সব রকম সহযোগিতা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করার অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। তবে তদন্তে অসহযোগিতা করলে রাজ্য তা আদালতের নজরে আনতে পারবে বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন পুলিশকে তদন্তের অগ্রগতির বিস্তারিত রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: Sukanta Majumdar: লাথি মেরে বের করে দেবে পার্টি, তখন বুঝতে পারবে: সুকান্তের নিশানায় কে?
মঙ্গলবার দিন এই মামলার শুনানিতে রাজ্যের (Abhishek Banerjee) পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়া নিয়ে আপত্তি তোলা হয়। তবে আদালত তাতে কোনও নির্দেশ দেয়নি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য বলেন, ‘বিদেশে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতের অনুমতি নিতে হবে।’ বিচারপতির এই মন্তব্যের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতকে বলেন, ‘সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে।’ তা শুনে বিচারপতি আবারও বলেন, ‘উনি যেতে চাইলে যেতে পারেন, কিন্তু তার জন্য আদালতের অনুমতি নিতে হবে।’
চোখের বিষয়ে সুপ্রিম নির্দেশে বাধা নয়
রাজ্যের আইনজীবী তখন আদালতে দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলাগুলি ছাড়াও আরও একাধিক এফআইআর দায়ের হয়েছে। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য প্রশ্ন করেন, ‘উনি কি এখনও বিদেশে যাননি?’ অভিষেকের আইনজীবী তখন আদালতকে জানান, ‘এখনও চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি। তাই এখনও যেতে পারেননি।’ তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য বলেন, ‘চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশে কোনও বাধা দিচ্ছে না এই আদালত।’


