Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান (Air India Incident) অবতরণের সময় সাময়িকভাবে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছিল। ২২ জুনের এই ঘটনার কথা বুধবার প্রকাশ্যে আসে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিষয়টি ইতিমধ্যেই বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-কে জানানো হয়েছে এবং সংস্থার পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।
‘গো অ্যারাউন্ড’ প্রক্রিয়ায় বিপত্তি (Air India Incident)
জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার AI479 নম্বরের বিমানটি (Air India Incident) অমৃতসর বিমানবন্দরে নামার সময় ‘গো অ্যারাউন্ড’ প্রক্রিয়া চালায়। সেই সময় বিমানটি আটারি সীমান্তের কাছে সামান্য অংশের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি দুই মিনিটেরও কম সময় পাকিস্তানের আকাশসীমায় ছিল।
আকাশসীমা অতিক্রমের ঘটনা (Air India Incident)
ডিজিসিএ সূত্রে জানানো হয়েছে, অমৃতসর বিমানবন্দরে অবতরণের আগে রানওয়ে পরিদর্শনের কারণে বিমানটিকে কিছু সময় অপেক্ষায় রাখা হয়েছিল। সেই সময় একাধিক বিমানকে হোল্ডিং প্যাটার্নে রাখা হয়। পরে AI479 অবতরণের চেষ্টা করলেও পরিস্থিতির কারণে পাইলটরা গো অ্যারাউন্ড করার সিদ্ধান্ত নেন। সেই সময়ই সাময়িকভাবে আকাশসীমা অতিক্রমের ঘটনা ঘটে।
আরও পড়ুন: Himachal Cloud Burst Rain: মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল!
পরিস্থিতি বুঝে বিমানটি আবার ভারতীয় আকাশসীমায় ফিরে আসে। এরপর অমৃতসরে না নেমে বিমানটিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে আনা হয়। সেখানে নিরাপদে অবতরণের পর জ্বালানি ভরে ফের যাত্রা শুরু করে বিমানটি এবং পরে অমৃতসরে পৌঁছায়।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ঘটনাটি কোনও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করেনি। তবে নিয়ম অনুযায়ী তদন্ত করা হচ্ছে। ডিজিসিএ জানিয়েছে, সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মী ও বিমানের ক্রুদের বিরুদ্ধে প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ ঘটনার রিপোর্টিং নিয়ে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, এর কয়েকদিন আগেই খারাপ আবহাওয়ার কারণে পাকিস্তানের একটি বিমানও সাময়িকভাবে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল। তবে দুই ঘটনাতেই কোনও নিরাপত্তা হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি।


