Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পুণের বারামতিতে বিদ্যা প্রতিষ্ঠান মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য সম্পন্ন হল(Ajit Pawar)। বুধবার সকালে পুণে জেলার বারামতি এলাকায় একটি বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারসহ মোট পাঁচজনের মৃত্যু হয়। এই ঘটনায় গোটা মহারাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুণের আকাশসীমায় বিমান ভেঙে মৃত্যু (Ajit Pawar)
সূত্রের খবর, অজিত পাওয়ার মুম্বই থেকে বারামতি যাচ্ছিলেন। ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা জেলা পরিষদ নির্বাচনের প্রচারে একাধিক জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই পুণের আকাশসীমায় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই তদন্ত শুরু (Ajit Pawar)
দুর্ঘটনার পরপরই তদন্ত প্রক্রিয়া শুরু হয়। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (MoCA) জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ককপিট ভয়েস রেকর্ডার (CVR) এবং ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) অর্থাৎ ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “বারামতির কাছে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে সমস্ত জরুরি প্রতিক্রিয়া ও তদন্ত ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। স্বচ্ছ, সময়ানুবর্তী এবং পূর্ণাঙ্গ তদন্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত(Ajit Pawar)
বিবৃতিতে আরও জানানো হয়, দিল্লি থেকে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)-এর তিন সদস্যের একটি দল এবং মুম্বইয়ের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর আঞ্চলিক দফতর থেকে আরও তিন সদস্যের একটি দল ২৮ জানুয়ারি দুর্ঘটনাস্থলে পৌঁছয়। একই দিনে AAIB-এর ডিরেক্টর জেনারেলও ঘটনাস্থল পরিদর্শন করেন। AAIB রুলস, ২০২৫-এর ৫ ও ১১ নম্বর বিধি অনুযায়ী তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: Ajit Pawar: ‘মহিলা পাইলট মানেই…’ অজিতের পুরনো পোস্ট ভাইরাল
আকস্মিক মৃত্যুর রিপোর্ট দায়ের (Ajit Pawar)
এদিকে, পুণে গ্রামীণ পুলিশ বারামতি তালুকা থানায় একটি আকস্মিক মৃত্যু রিপোর্ট (ADR) দায়ের করেছে এবং আলাদা করে তদন্ত শুরু হয়েছে। শেষকৃত্যের সময় হাজার হাজার মানুষ বারামতিতে জড়ো হয়ে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান।



