Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার সন্ধ্যায় শহরের নিরাপত্তা ব্যবস্থায় বড় সাফল্য পেল কলকাতা পুলিশ (Counterfeit Notes)। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটুলি থানা এলাকা থেকে তিন জাল নোট কারবারিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। এই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল ভারতীয় নোট। শুধু তাই নয়, ধৃতদের জেরা করে শহরতলি পর্যন্ত ছড়িয়ে থাকা একটি সংগঠিত জাল নোট চক্রের হদিশ মিলেছে।

শহরতলিতে ছড়িয়ে পড়ে তদন্তের জাল (Counterfeit Notes)
লালবাজার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ পাটুলি থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এসটিএফ। ধৃতদের কাছ থেকে প্রথম পর্যায়েই উদ্ধার হয় মোট ৯,২০০ টাকার জাল ভারতীয় নোট। উদ্ধার হওয়া নোটের মধ্যে ছিল ৫০০ টাকার ১৪টি, ২০০ টাকার ১০টি এবং ১০০ টাকার ২টি নোট। প্রাথমিক সাফল্যের পরেই তদন্তের গতি আরও বাড়ে। ধৃতদের জেরা করে এসটিএফ জানতে পারে, এই চক্রের কার্যকলাপ শুধু পাটুলিতেই সীমাবদ্ধ নয়। এরপরই তেলঘরিয়া ও সোনারপুর এলাকায় একাধিক অভিযান চালানো হয়।
ধৃতরা কারা? (Counterfeit Notes)
এই ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন, অলোক নাগ ওরফে বাপি (৫৮), সোনারপুর অঞ্চলের বাসিন্দা, অয়ন নাগ ওরফে বিকি (৩৩), সোনারপুরেরই বাসিন্দা, শ্যাম বাবু পাসওয়ান (৩৬), টিটাগড়, খড়দহ থানা এলাকার বাসিন্দা, পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই তিনজনই জাল নোট তৈরি ও বাজারে ছড়িয়ে দেওয়ার কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিল।

জাল নোট তৈরির কারখানার হদিশ (Counterfeit Notes)
ধৃতদের জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এরপরই কলকাতা পুলিশের এসটিএফ-এর একটি দল রাজপুরের তেঘোরিয়া এলাকায় অভিযান চালায়। সেখানে শ্যামল কুমার রায়ের বাড়ির নিচতলায় অবস্থিত অলোক নাগের ভাড়া বাড়ি থেকেই জাল নোট তৈরির একটি পূর্ণাঙ্গ কারখানার সন্ধান মেলে। এই কারখানা থেকে উদ্ধার হয় আরও ১৫,২০০ টাকার জাল ভারতীয় নোট। এর মধ্যে ছিল ৫০০ টাকার ৮টি, ২০০ টাকার ১৪টি এবং ১০০ টাকার ৮৪টি নোট। পাশাপাশি মিলেছে জাল নোট তৈরির জন্য ব্যবহৃত একাধিক আধুনিক সরঞ্জাম।
কী কী বাজেয়াপ্ত করল পুলিশ? (Counterfeit Notes)
- ৩টি স্ক্যানার-সহ কালার প্রিন্টার
- আসল ভারতীয় নোট লাগানো একাধিক সাদা কাগজের পৃষ্ঠা, যেগুলি মূলত নকল তৈরির ছাঁচ হিসেবে ব্যবহৃত হচ্ছিল
- বিভিন্ন মূল্যমানের (৫০০, ২০০, ১০০ ও ৫০ টাকা) জাল নোটের রঙিন মুদ্রিত অসম্পূর্ণ কপি
- ৯টি সবুজ রঙের কলম
- ২২,০০০ টাকা নগদ
এই সবকিছু থেকেই স্পষ্ট, জাল নোট তৈরির কাজ ছিল যথেষ্ট পরিকল্পিত ও সংগঠিত।

আরও পড়ুন: Bank Strike India: পরপর ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, এটিএমেও থাকবে না টাকা!
আইনি পদক্ষেপ ও পুলিশ হেফাজত
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর অধীনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।



