Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের মুখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও নির্ভুল করতে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ (Alpine Quest)। আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে চালু করা হলো ‘Alpine Quest’ নামে একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ। ইতিমধ্যেই শহরের প্রতিটি থানার পুলিশ আধিকারিকদের মোবাইলে এই অ্যাপ ইনস্টল করা হয়েছে। পাশাপাশি, নির্বাচনী দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ফোনেও এই অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কি কি করা সম্ভব এই অ্যাপের মাধ্যমে (Alpine Quest)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে রুট মার্চ (Alpine Quest), ভোটের ডিউটি কিংবা কোনও অশান্ত পরিস্থিতির সময় বাহিনীর সঠিক অবস্থান মুহূর্তের মধ্যে জানা যাবে। কোনও ঘটনার খবর মিললেই সেই জায়গা থেকে কতটা দূরে কোন বাহিনী রয়েছে, তা সহজেই নির্ণয় করা সম্ভব হবে। ফলে দ্রুত ফোর্স মোতায়েন করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অনেকটাই সহজ হবে বলে মনে করছে প্রশাসন।

এর আগে কলকাতা পুলিশের নতুন কমিশনার অজয় নন্দ বাহিনীকে ‘Strava’ অ্যাপ ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু লালবাজার সূত্রে খবর, সেই অ্যাপ ব্যবহার করা তুলনামূলকভাবে জটিল এবং সবার জন্য সহজ নয়। অন্যদিকে ‘AlpineQuest’ অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। উল্লেখযোগ্যভাবে, ওডিশার নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী এই অ্যাপ ব্যবহার করেছিল। ফলে অনেক জওয়ানই এর সঙ্গে আগে থেকেই পরিচিত, যা ব্যবহারের ক্ষেত্রে বড় সুবিধা দেবে।
লালবাজারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, বিভিন্ন ডিভিশনের পুলিশ আধিকারিকদের ডেকে তাঁদের মোবাইলে এই অ্যাপ ডাউনলোড ও সেটআপ করে দেওয়া হয়েছে। শুধু অ্যাপ ইনস্টল নয়, কীভাবে এটি ব্যবহার করতে হবে, সেই বিষয়েও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুলিশের দাবি, এই প্রযুক্তির ব্যবহার নির্বাচনের সময় সমন্বয় বাড়াবে এবং বাহিনীর কার্যকারিতা আরও বৃদ্ধি করবে।
প্রসঙ্গত, অতীতে বিভিন্ন নির্বাচনে বাহিনীর মোতায়েন নিয়ে বারবার অভিযোগ উঠেছে। বিশেষ করে, গোলমালপ্রবণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে না নিয়ে গিয়ে শুধুমাত্র স্থানীয় পুলিশ দিয়ে রুট মার্চ করানোর অভিযোগ সামনে এসেছে। এমনও অভিযোগ রয়েছে যে, শাসকদলের স্বার্থ রক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে কিছু এলাকায় বাহিনীকে নিয়ে যাওয়া হয় না।

জওয়ানদের কাছে বাংলার অলিগলি (Alpine Quest)
অন্যদিকে, ভিনরাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে বাংলার অলিগলি, পাড়া বা বুথ এলাকা অনেকটাই অচেনা। ফলে তাঁদের স্থানীয় পুলিশের উপর নির্ভর করতেই হয়। এই নির্ভরতার সুযোগ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে অতীতে। এই প্রেক্ষাপটে ‘AlpineQuest’ অ্যাপ একটি বড় পরিবর্তন আনতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই অ্যাপটি একটি অফলাইন নেভিগেশন সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি, যার ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও সহজেই লোকেশন ট্র্যাক করা সম্ভব। মেন রোড থেকে শুরু করে অন্দরের অলিগলি সব রুটই এই অ্যাপে রেকর্ড হয়ে থাকবে।
শুধু তাই নয়, অ্যাপটির ‘থ্রি-ডি ভিউ’ ফিচারের মাধ্যমে এলাকার রাস্তাঘাট, বুথের অবস্থান, গুরুত্বপূর্ণ জায়গা এবং আশেপাশের পরিবেশ স্পষ্টভাবে দেখা যাবে। ফলে বাহিনীর সদস্যরা খুব সহজেই নিজেদের অবস্থান বুঝতে পারবেন এবং দ্রুত নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবেন।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অ্যাপ ব্যবহারের ফলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী—উভয় পক্ষের কাছেই থাকবে একই তথ্য। এতে সমন্বয় যেমন বাড়বে, তেমনই স্বচ্ছতাও নিশ্চিত হবে।

আরও পড়ুন: Energy Lockdown: দেশজুড়ে লকডাউন! যুদ্ধের জেরে এই অবস্থা?
পুলিশ সূত্রে জানা গিয়েছে
কোনও এলাকায় বাহিনী গিয়েছে কি না, কোথায় কতক্ষণ ছিল সব কিছুই রেকর্ড হয়ে থাকবে এই অ্যাপে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নির্বাচন শেষ হওয়ার পরেও যদি কোনও অভিযোগ ওঠে, তাহলে এই অ্যাপের তথ্য নথি হিসেবে ব্যবহার করা যাবে। ফলে বাহিনীর কাজকর্ম নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠলে তার জবাব দেওয়াও সহজ হবে। প্রযুক্তির এই ব্যবহারে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও হিংসামুক্ত হবে বলেই আশাবাদী প্রশাসন। এখন দেখার, বাস্তবে এই নতুন ব্যবস্থা কতটা কার্যকর প্রমাণিত হয়।



