Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিহারের ‘বাহুবলী’ বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান ঘিরে জাঁকজমকের কোনও খামতি ছিল না (Anant Singh)। কয়েক একর জমি জুড়ে বিশাল প্যান্ডেল, লক্ষাধিক অতিথির আপ্যায়ন, ১৫০ রকমের খাবারের আয়োজন থেকে শুরু করে ঘোড়দৌড় প্রতিযোগিতা—সব মিলিয়ে রাজকীয় বিয়ের আয়োজন করেছিলেন তিনি। কিন্তু সেই বিপুল আয়োজনের মধ্যেই ঘটল ছন্দপতন। বিয়েবাড়িতে অতিথিদের মধ্যে চরম বিশৃঙ্খলা, খাবার নিয়ে কাড়াকাড়ি, থালা ছোড়াছুড়ি এবং প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বাতিল করতে হয় বহু প্রতীক্ষিত ঘোড়দৌড় প্রতিযোগিতাও। ফলে মেয়ের বিয়ের অনুষ্ঠান ঘিরে নতুন করে শিরোনামে বিহারের এই বিতর্কিত বিধায়ক।

১০ কিলোমিটার যানজটে স্তব্ধ রাস্তা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ (Anant Singh)
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেলে অনন্ত সিংয়ের মেয়ের বিয়েকে কেন্দ্র করে নাদওয়ানগামী রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় ১০ কিলোমিটারেরও বেশি রাস্তা জুড়ে আটকে পড়ে গাড়ি। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় বাস এবং অন্যান্য যানবাহনকে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের পাশাপাশি অনুষ্ঠান থেকে ফেরার পথেও বিপাকে পড়েন বহু মানুষ।
ভিড়ে আটকে পড়া সাংবাদিক অনিকেত কুমারের দাবি, অনন্ত সিংয়ের বাসভবন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পরিস্থিতি এমন হয়েছিল যে পদপিষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিপুল সংখ্যক মানুষের যাতায়াত সামলাতে গিয়ে কার্যত ভেঙে পড়ে যান চলাচল ব্যবস্থা। রাজকীয় আয়োজনের আড়ালে সাধারণ মানুষের দুর্ভোগও তাই উঠে এসেছে আলোচনায়(Anant Singh)।
খাবার নিয়ে কাড়াকাড়ি, ছোড়াছুড়ি থালা! ভাইরাল ভিডিও (Anant Singh)
অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের জন্য ছিল এলাহি আয়োজন। কিন্তু অভিযোগ, বিপুল জনসমাগমের কারণে খাবার পরিবেশন নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে খাবার পরিবেশনকারীদের অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে, একাংশ অতিথির মধ্যে খাবার নেওয়া নিয়ে কাড়াকাড়ির দৃশ্যও সামনে এসেছে।
অভিযোগ, অনেক অতিথিই পর্যাপ্ত খাবার পাননি। ক্ষোভে কেউ কেউ থালা ছুড়ে ফেলেন বলেও দাবি করা হয়েছে। হট্টগোলের জেরে খাবার মাটিতে পড়ে নষ্ট হওয়ার খবরও সামনে এসেছে। যদিও ভাইরাল ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
মাহিন্দ্রা থারের পুরস্কার, তবু বাতিল ঘোড়দৌড় (Anant Singh)
এই বিয়ের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে একটি মাহিন্দ্রা থার দেওয়ার ঘোষণাও করেছিলেন আয়োজকরা। কিন্তু প্রবল ভিড় এবং তার আগে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত প্রতিযোগিতা বাতিল করতে হয়। ফলে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থেকেই বঞ্চিত হন উপস্থিত অতিথিরা।

আরও পড়ুন: Suvendu Adhikari: বাংলার সড়ক যোগাযোগে এবার আসতে চলেছে আমূল পরিবর্তন
পাঁচ লক্ষ অতিথি, ১৫০ পদের আয়োজন!
বিয়ের প্রস্তুতি নিয়েও আগে থেকেই সমাজমাধ্যমে ব্যাপক চর্চা চলছিল। প্রায় ১০ একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছিল বিশাল প্যান্ডেল। আমন্ত্রিতের সংখ্যা ছিল প্রায় পাঁচ লক্ষ বলে খবর। অতিথিদের জন্য রাখা হয়েছিল প্রায় ১৫০ রকমের খাবারের পদ। রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক, অভিনেতা এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এমনকী পরিচিত পাকিস্তানিদেরও আমন্ত্রণ জানানোর খবর সামনে এসেছিল।



