Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জাপানের আইচি-নাগোয়ায় ঘটা করে সূচনা হলো পঞ্চম এশিয়ান প্যারা গেমসের (Asian Para Games)। গত রবিবার, ১৮ অক্টোবর এক বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেগা ক্রীড়া প্রতিযোগিতার পর্দা উন্মোচিত হয়। তবে প্রতিযোগিতার সূচনাতেই খেলার মাঠ ছাড়িয়ে স্পটলাইট কেড়ে নেয় ভারতীয় দল। ক্রীড়ামঞ্চে ভারতের ৫০০০ বছরের প্রাচীন ঐতিহ্য ও ইতিহাসকে বিশ্বের দরবারে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরেন দেশের প্যারা-অ্যাথলিটরা।
পোশাকে সিন্ধু সভ্যতা (Asian Para Games)
উদ্বোধনী অনুষ্ঠানের ঐতিহ্যবাহী ‘মার্চ পাস্ট’-এ ভারতীয় অ্যাথলিট ও দলের কর্তাদের পরনে দেখা যায় বিশেষ ভাবনায় তৈরি গাঢ় নীল রঙের ব্লেজার। ব্লেজারের নকশায় সোনালি সুতোর বুননে ফুটিয়ে তোলা হয়েছিল সিন্ধু সভ্যতার ঐতিহাসিক ও কালজয়ী নিদর্শনসমূহ। এতে জায়গা পেয়েছিল মহেঞ্জোদারোর বিশ্ববিখ্যাত ‘পুরোহিত রাজা’ এবং ব্রোঞ্জের ‘ড্যান্সিং গার্ল’-এর অবয়ব। শুধু তা-ই নয়, প্রাচীন সিন্ধু সভ্যতার সিলমোহরের হরফ, বিভিন্ন সাংকেতিক চিহ্ন এবং কলারে সূক্ষ্ম কারুকাজে ‘সপ্তসিন্ধু’র ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। বুকের পকেটে জ্বলজ্বল করছিল জাতীয় পতাকা তেরঙা। প্রাচীন সংস্কৃতির সঙ্গে আধুনিক পোশাকশৈলীর এই অপূর্ব মেলবন্ধন নজর কেড়েছে বিশ্বের।
শেষ মুহূর্তে পতাকাবাহক বদল (Asian Para Games)
নাগোয়া স্টেডিয়ামে ভারতীয় দলের পতাকাবাহকের দায়িত্বে ছিলেন প্যারা-ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং প্যারা-স্প্রিন্টার সিমরন শর্মা। প্রাথমিক পরিকল্পনায় প্যারা-টেবল টেনিস তারকা ভাবিনা প্যাটেলকে পতাকা বহনের দায়িত্ব দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তাতে পরিবর্তন আনা হয়। সোমবার ভাবিনার সেমিফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া-আসা ও উপস্থিত থাকার জন্য প্রায় ছয় ঘণ্টা সময় লাগত, যা হুইলচেয়ারে চলাচলকারী এক প্রতিযোগীর পক্ষে ম্যাচের আগের দিন বেশ ক্লান্তিকর। তাই তাঁর স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ও বাড়তি চাপ এড়াতে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয় দল পরিচালনা সমিতি। প্যারা-অ্যাথলেটিক্সের প্রধান কোচ সত্যনারায়ণ জানান, “আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্য ও দেশের জন্য পদক জয়।”
আরও পড়ুন: East Bengal vs Churchill Brothers: শুরুতেই আইএসএলে চার্চিল ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ
৪৫টি দেশের লড়াই (Asian Para Games)
‘ইমাজিন ওয়ান হার্ট’ স্লোগানকে সামনে রেখে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা (Asian Para Games)। এশিয়ার ৪৫টি দেশের প্রায় তিন হাজার অ্যাথলিট এতে অংশ নিচ্ছেন। ভারতের পক্ষ থেকে মোট ২৮১ জনের প্রতিনিধি দল অংশ নিয়েছে, যার মধ্যে রয়েছেন ১৬৮ জন প্যারা-অ্যাথলিট (১১২ জন পুরুষ এবং ৫৬ জন মহিলা)। মোট ১১টি ভিন্ন ডিসিপ্লিনে পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন ভারতের ক্রীড়াবিদরা। দেশের উজ্জ্বল অতীত ঐতিহ্যকে সঙ্গী করেই এবার এশিয়ান প্যারা গেমসে ইতিহাস গড়ার লক্ষ্যে লড়বে ভারত।



