Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের জাতীয় নির্বাচনের (Bangladesh Election) দিনে একাধিক জায়গা থেকে অশান্তির খবর উঠে এল। ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই খুলনায় এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে ভোট দিতে গিয়ে প্রাণ হারান বিএনপি নেতা মহিবুজ্জামান কচি। বয়স প্রায় ৬০ বছর। অভিযোগ, ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বাধে তাঁর। সেই বচসাই ধস্তাধস্তিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যদিও এই অভিযোগ মানতে নারাজ জামায়াত নেতৃত্ব।
বাংলাদেশজুড়ে ভোটগ্রহণ (Bangladesh Election)
সকাল সাড়ে সাতটা থেকে বাংলাদেশজুড়ে (Bangladesh Election) ভোটগ্রহণ শুরু হয়। প্রথম কয়েক ঘণ্টা মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোটপর্ব চলছিল। দুপুর বারোটা পর্যন্ত প্রায় এক-তৃতীয়াংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর আসতে শুরু করে।

ককটেল বিস্ফোরণের অভিযোগ (Bangladesh Election)
গোপালগঞ্জে একটি ভোটকেন্দ্রের কাছাকাছি ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। বিস্ফোরণে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর দুই সদস্য এবং এক শিশুসহ মোট তিন জন আহত হন। স্থানীয় প্রশাসনের দাবি, ভোট চলাকালীন হঠাৎই দূর থেকে ককটেল ছোড়া হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখযোগ্যভাবে, গোপালগঞ্জ একসময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহী থেকে মারামারি ও বিশৃঙ্খলার খবর মিলেছে। কোথাও ভোটকেন্দ্রের বাইরে দু’পক্ষের সংঘর্ষ, কোথাও উত্তেজনা ছড়াতে দেখা যায়। যদিও বড়সড় কোনও গণহিংসার ঘটনা এখনও পর্যন্ত সামনে আসেনি।

আরও পড়ুন: Awami League: ‘নো বোট, নো ভোট’ স্লোগান, তবু বুথমুখী আওয়ামী সমর্থকেরা!
এর মধ্যেই নির্বাচন চলাকালীন সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তবে বাস্তবে ভোটের পরিবেশ পুরোপুরি শান্ত রয়েছে, এমন দাবি করা কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নির্বাচনের ফলের পাশাপাশি এই অশান্তির প্রভাব ভবিষ্যৎ রাজনীতিতে কতটা পড়বে, সেদিকেই এখন নজর।


