Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় ফের পুলিশের জালে শাসকদলের হেভিওয়েট জনপ্রতিনিধি (Bappaditya Dasgupta)। তোলাবাজি, বাড়ি ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার করা হলো কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তকে। গতকাল রাতে পাটুলি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময় থেকে এক মহিলার বাড়িতে দফায় দফায় চড়াও হওয়া, ২ লক্ষ টাকা তোলাবাজি এবং ঘর জ্বালিয়ে দেওয়ার চেষ্টার মতো একাধিক মারাত্মক অভিযোগ উঠেছে তাঁর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

গুরুতর অভিযোগ (Bappaditya Dasgupta)
তোলাবাজি, জোরপূর্বক সম্পত্তি দখল এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন ১০১ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত। শনিবার (৬ জুন, ২০২৬) রাতে পাটুলি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে এক মহিলাকে প্রাণনাশের হুমকি দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া এবং ঘরবাড়ি ভাঙচুরের মতো গুরুতর অভিযোগ উঠেছে।
পুলিশি নথির বয়ান অনুযায়ী (Bappaditya Dasgupta)
ঘটনার সূত্রপাত ২০২১ সালের মে মাসে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে। কলকাতার বাঘাযতীন প্লেস এলাকার এক বাসিন্দা পাটুলি থানায় বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই মহিলার অভিযোগ, ২০২১ সালের ২ মে এবং তারপরেও বিভিন্ন সময়ে বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং তাঁর সহযোগীরা একটি বেআইনি জমায়েত (Unlawful Assembly) তৈরি করে জোরপূর্বক তাঁর বাড়িতে অনুপ্রবেশ করে।

মহিলার বাড়ি ভাঙচুর (Bappaditya Dasgupta)
অভিযুক্তরা মহিলার বাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়। এমনকি অপরাধের চিহ্ন মুছে দিতে এবং পুরো বাড়িটি ধ্বংস করার উদ্দেশ্যে সেখানে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগকারিণীর দাবি। মহিলার দায়ের করা অভিযোগে সবথেকে চাঞ্চল্যকর বিষয়টি হলো আর্থিক জবরদস্তি এবং কাটমানি আদায়। অভিযোগে বলা হয়েছে, কাউন্সিলর ও তাঁর দলবল ওই মহিলাকে আগ্নেয়াস্ত্র বা অন্য উপায়ে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখায় (Fear of instant death)। সেই প্রাণনাশের ভয় দেখিয়ে মহিলার কাছ থেকে নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা তোলাবাজি বা কাটমানি হিসেবে আদায় করা হয়।
ভারতীয় ন্যায় সংহিতা(Bappaditya Dasgupta)
অভিযোগ পাওয়ার পরই পাটুলি থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক কড়া ধারায় মামলা রুজু করে। মামলা নম্বর: Patuli PS Case No. 222, তারিখ: ০৬.০৬.২০২৬। বাপ্পাদিত্যের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা, অপরাধমূলক অনুপ্রবেশ, ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা, তোলাবাজি এবং দলবদ্ধভাবে অপরাধ ঘটানোর উদ্দেশ্যে সমমনোভাবাপন্ন হওয়া সহ একাধিক ধারায় (U/S- 189(2)/ 121(A)/ 351(2)/ 324(4)/ 329(3)/ 329(4)/ 326(g)/ 62/ 308(5)/ 3(5) BNS) মামলা দায়ের করা হয়।

বাপ্পাদিত্যের অত্যন্ত ঘনিষ্ঠ (Bappaditya Dasgupta)
শনিবার বিকেলেই প্রথমে বাপ্পাদিত্যের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ১০১ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি সৌরভ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। এরপর রাতে পাটুলি থানার পুলিশ বিপি টাউনশিপের (J-316) বাসিন্দা, প্রয়াত মাণিক দাসগুপ্তের পুত্র বাপ্পাদিত্য দাসগুপ্তকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে।
আরও পড়ুন: Aparajito Movie: নন্দনে হাউসফুল অপরাজিত, চোখের জলে শ্রদ্ধা জিতু কমলের
বিতর্কে জড়াচ্ছেন জনপ্রতিনিধি
কলকাতা পুরসভার একাধিক জনপ্রতিনিধি যখন একের পর এক বিতর্কে জড়াচ্ছেন, তখন বাপ্পাদিত্য দাসগুপ্তের এই গ্রেফতারি কলকাতার রাজনৈতিক মহলে তীব্র শোরগোল ফেলে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এলাকায় সিন্ডিকেট রাজ ও কাটমানির সংস্কৃতির বিরুদ্ধেই এই পদক্ষেপ। ধৃত কাউন্সিলরকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গেছে। ঘটনার জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।



