Last Updated on [modified_date_only] by Aditi Singha
বিশেষ প্রতিবেদন: ত্রয়ণ চক্রবর্ত্তী কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহে আবারও সামনে এল দলীয় অন্তর্দ্বন্দ্ব (Bengal Elections 2026)। প্রার্থী পছন্দ না হওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের বিক্ষোভ ক্রমশ তীব্র আকার নিচ্ছে। সল্টলেকের দলীয় দফতর থেকে শুরু করে জঙ্গিপুর সব জায়গাতেই একই সুর: “প্রার্থী বদল চাই”।

প্রার্থী তালিকা ঘিরে ক্ষোভের আগুন (Bengal Elections 2026)
বেলেঘাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীকে ঘিরে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কর্মীরা। তাদের অভিযোগ, এই প্রার্থী তাদের মনের মানুষ নন। ফলে শুরু হয় প্রতিবাদ, যা ধীরে ধীরে বড় আকার নেয়। শুধু বেলেঘাটা নয় এন্টালি, খড়গপুর, গোসাবা, খণ্ডঘোষ, কুলপি সহ একাধিক বিধানসভা কেন্দ্রেও একই চিত্র। কর্মীদের দাবি, দলীয় নেতৃত্ব স্থানীয় বাস্তবতা না বুঝেই প্রার্থী নির্বাচন করেছে।
সল্টলেকে বিজেপি দফতরের সামনে তুমুল বিক্ষোভ (Bengal Elections 2026)
শুক্রবার বিকেলে সল্টলেকের বিজেপি রাজ্য দফতরের সামনে বিক্ষোভ চরমে ওঠে। কর্মীরা রাস্তায় বসে পড়ে অবরোধ তৈরি করেন, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি সামাল দিতে বাইরে আসেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা। শমীক ভট্টাচার্য কর্মীদের শান্ত থাকার আবেদন জানিয়ে স্পষ্ট বলেন, “প্রার্থী নির্বাচন দলের উচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত, সেটাই চূড়ান্ত।”

কর্মীদের ক্ষোভ বনাম নেতৃত্বের আশ্বাস (Bengal Elections 2026)
বিক্ষোভ চলাকালীন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অভিযোগ ওঠে, লকেট চট্টোপাধ্যায় কর্মীদের দিকে আঙুল তুলে কড়া ভাষায় কথা বলেন। এতে কর্মীদের ক্ষোভ আরও বাড়ে এবং স্লোগান আরও জোরদার হয়। যদিও পরে সংবাদমাধ্যমের সামনে লকেট চট্টোপাধ্যায় বলেন, “মতবিরোধ থাকতেই পারে, আমরা একটা পরিবার। সমস্যা মিটে যাবে।”
শহীদ কর্মীর পরিবারের ক্ষোভ (Bengal Elections 2026)
বিক্ষোভে অংশ নেন ভোট-পরবর্তী হিংসায় নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। তাঁর বক্তব্য পরিস্থিতিকে আরও আবেগপ্রবণ করে তোলে। তিনি বলেন, “আমার ভাইকে খুন করেছিল তৃণমূল। এখন যদি ভুল প্রার্থী দেওয়া হয়, তাহলে সেটা তৃণমূলকেই সুবিধা করে দেবে।” এই মন্তব্যে স্পষ্ট, কর্মীদের ক্ষোভ শুধু প্রার্থী নয় দলীয় কৌশল নিয়েও।

এন্টালি কেন্দ্রেও একই ছবি (Bengal Elections 2026)
এন্টালি বিধানসভা কেন্দ্রেও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়ালকে নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয় কর্মীরা। তাদের অভিযোগ, এই প্রার্থী এলাকায় গ্রহণযোগ্য নন। ফলে সল্টলেক দফতরের ভেতরেও ঢুকে বিক্ষোভ দেখান কর্মীরা যা পরিস্থিতির গুরুতর দিকটি স্পষ্ট করে।
জঙ্গিপুরে নতুন করে বিক্ষোভ (Bengal Elections 2026)
কলকাতার পাশাপাশি জঙ্গিপুরেও একই চিত্র। সেখানে বিজেপি প্রার্থী চিত্ত মুখার্জীকে ঘিরে তীব্র ক্ষোভ দেখা যায়। কর্মীদের অভিযোগ: প্রার্থী বয়সে অনেক বেশি, দীর্ঘদিন কোনো দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন না, কোনো সার্ভে রিপোর্ট মানা হয়নি , বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দেন, “প্রার্থী না বদলালে বৃহত্তর আন্দোলন হবে।”

আরও পড়ুন: Rail Death AI: রেললাইনে বন্যপ্রাণীর মৃত্যু রোধ, AI ব্যবহারের সিদ্ধান্ত রেলমন্ত্রকের
দলীয় ঐক্যে ফাটল, না কি সাময়িক মতবিরোধ?
এই ঘটনাপ্রবাহ বিজেপির অভ্যন্তরীণ সংগঠনের উপর প্রশ্ন তুলে দিয়েছে। একদিকে নেতৃত্ব বলছে সব ঠিক হয়ে যাবে, অন্যদিকে কর্মীরা সময়সীমা বেঁধে দিচ্ছেন প্রার্থী বদলের জন্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বিক্ষোভ নির্বাচনের আগে দলীয় সংগঠনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



