Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য বাজেটে পার্শ্বশিক্ষকদের জন্য মাসিক ভাতা এক হাজার টাকা বাড়ানোর ঘোষণা করা হলেও বাস্তবে তাতে স্বস্তি পাননি তাঁরা (Bikash Bhawan Abhijan) । দীর্ঘদিন ধরে ন্যূনতম সম্মানজনক পারিশ্রমিকের দাবিতে আন্দোলনরত এই শিক্ষক ও শিক্ষাকর্মীদের মতে, ঘোষিত বৃদ্ধি তাঁদের জীবনযাত্রার খরচের তুলনায় নিতান্তই সামান্য। সেই কারণেই মঙ্গলবার বিকাশ ভবন অভিযান করে নিজেদের অসন্তোষ প্রকাশ করলেন তাঁরা।

বিকাশ ভবন অভিযান (Bikash Bhawan Abhijan)
মঙ্গলবার পার্শ্বশিক্ষকরা সংগঠিতভাবে মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশে রওনা দেন। কিন্তু মিছিল সল্টলেকের পিএনবি মোড়ে পৌঁছতেই পুলিশের বাধার মুখে পড়ে। ব্যারিকেড ও গার্ডরেল দিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। গার্ডরেল টপকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। সেই ধস্তাধস্তির মধ্যেই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ ওঠে।
‘হাজার টাকা ফেরত দিতে এসেছি’ (Bikash Bhawan Abhijan)
মিছিল চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে ‘ধিক্কার’ স্লোগান ওঠে। আন্দোলনকারীদের একজনের বক্তব্য বিশেষভাবে নজর কাড়ে। তিনি বলেন, “আমাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। তবুও আমরা সেই এক হাজার টাকা ফেরত দিতে এসেছি।”
এই বক্তব্যই স্পষ্ট করে দেয়, ঘোষিত ভাতা বৃদ্ধি তাঁদের কাছে সম্মানের নয়, বরং অবহেলার প্রতীক হয়ে উঠেছে।
বাজেটে কী ঘোষণা করা হয়েছিল? (Bikash Bhawan Abhijan)
গত বৃহস্পতিবার পেশ হওয়া রাজ্য বাজেট ২০২৬-এ জানানো হয়, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে, পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, সহায়ক–সহায়িকা, ব্যবস্থাপনা কর্মীদের, মাসিক ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হবে।, এছাড়াও ঘোষণা করা হয়, সংশ্লিষ্ট কর্মীদের কেউ ৬০ বছর বয়সের আগে অকাল প্রয়াত হলে তাঁর নিকটাত্মীয়কে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।এই খাতে ২০২৬–২৭ অর্থবর্ষে ১১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
বাস্তবে কত হল ভাতা বৃদ্ধি? (Bikash Bhawan Abhijan)
বাজেট ঘোষণার ফলে ভাতার অঙ্ক দাঁড়াচ্ছে, প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষক: ১০,০০০ টাকা → ১১,০০০ টাকা, উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষক: ১৪,০০০ টাকা → ১৫,০০০ টাকা, শিক্ষাবন্ধু: ৮,০০০ টাকা → ৯,০০০ টাকা সরকারের মতে, এটি একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু আন্দোলনকারীদের মতে, এই অঙ্ক আজকের বাজারদরের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।
দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ (Bikash Bhawan Abhijan)
পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশ্যাল এডুকেটর, এমএসকে ও এসএসকে কর্মীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, তাঁরা জনমজুরের থেকেও কম পারিশ্রমিক পান, ২০১৮ সালের পর থেকে সর্বশিক্ষা মিশনের আওতায় থাকা কর্মীদের ভাতা আর বাড়েনি, নিয়মিত শিক্ষক হলেও তাঁরা সরকারি কর্মীর স্বীকৃতি পান না, এই সব কারণেই এর আগেও শিক্ষা দফতর অভিযানসহ একাধিক আন্দোলনে শামিল হয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: Mid Day Meal Bihar: মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া, বিহারের স্কুলে চাঞ্চল্য!
আংশিক স্বস্তি, কিন্তু পূর্ণ সন্তুষ্টি নয়
বাজেট ঘোষণার পর প্রথমে অনেকেই মনে করেছিলেন, পার্শ্বশিক্ষকদের দাবির আংশিক সাড়া মিলেছে। কিন্তু বিকাশ ভবন অভিযানের পর পরিষ্কার এই ঘোষণায় তাঁরা সন্তুষ্ট নন। তাঁদের দাবি, শুধুমাত্র সামান্য ভাতা বৃদ্ধি নয়, প্রয়োজন স্থায়ী কাঠামোগত পরিবর্তন, সম্মানজনক বেতন ও সামাজিক নিরাপত্তা।



