Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনকে (BJP) সামনে রেখে প্রার্থী তালিকা নিয়ে জোর জল্পনা চলছে গেরুয়া শিবিরে। ইতিমধ্যেই ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাকি আসনগুলির জন্য দ্বিতীয় তালিকা যে কোনও মুহূর্তে প্রকাশ পেতে পারে বলেই দলীয় সূত্রে খবর। বুধবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কেন্দ্র ও রাজ্যের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি ছিলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী-সহ বঙ্গ বিজেপির নেতারা।
দ্বিতীয় তালিকায় বড় চমক? (BJP)
সূত্রের খবর, দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় খুব বড় চমক (BJP) রাখার সম্ভাবনা কম। প্রথম তালিকার মতোই এবারও দলের পুরনো ও সক্রিয় কর্মী-নেতাদের উপর ভরসা রাখতে চাইছে বিজেপি। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত, তাঁদেরই অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২১ সালের অভিজ্ঞতা থেকেই এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। তখন দলবদল করে আসা বহু প্রার্থীকে টিকিট দেওয়া হলেও, তার সুফল খুব একটা মেলেনি।

আরও পড়ুন: Asit Debangshu TMC: অসিতের পা ছুঁতেই অভিমান গলে জল, একই ফ্রেমে অসিত-দেবাংশু!
এবার তাই দলবদলুদের ক্ষেত্রে সতর্ক বিজেপি। যদিও খবর মিলছে, তৃণমূলের টিকিট না পাওয়া কিছু নেতা ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তবুও দলীয় শীর্ষ নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে-দলের নীতি ও আদর্শের বাইরে গিয়ে কাউকে প্রার্থী করা হবে না। অন্যদিকে, সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিয়েও কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সূত্রের দাবি, দ্বিতীয় তালিকায় একজন মুসলিম মহিলা প্রার্থী থাকতে পারেন, যাঁকে সম্ভবত মুর্শিদাবাদের কোনও কেন্দ্র থেকে টিকিট দেওয়া হতে পারে। সব মিলিয়ে, প্রার্থী তালিকা প্রকাশ ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।



