Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জলপাইগুড়ির ধূপগুড়িতে শুক্রবার ভোরে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Road Accident)। ধূপগুড়ি স্টেশন মোড়ের কাছে ওভারব্রিজ এলাকায় এশিয়ান হাইওয়েতে মুখোমুখি সংঘর্ষে দু’টি লরি দুমড়ে মুচড়ে যায়। ভয়াবহ ওই দুর্ঘটনায় গুরুতর জখম হন দুই লরির চালক ফালাকাটার সমীর সরকার এবং অসমের রঞ্জন সাউ (৪০)।

নিয়ন্ত্রণ হারিয়েই সংঘর্ষ (Road Accident)
স্থানীয় সূত্রে খবর, ফালাকাটা থেকে সার বোঝাই একটি লরি হলদিবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় অসমের দিকে যাচ্ছিল আরেকটি লরি। ওভারব্রিজের কাছে এসে অসমমুখী লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের লরিটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
স্টিয়ারিংয়ের ফাঁকে আটকে চালকরা (Road Accident)
দুর্ঘটনার পর দু’টি লরির সামনের অংশ দুমড়ে যায়। স্টিয়ারিংয়ের ফাঁকে আটকে পড়েন দুই চালক সমীর সরকার ও রঞ্জন সাউ। প্রায় আধঘণ্টা ধরে তাঁরা গাড়ির ভিতর আটকে ছিলেন। স্থানীয়দের পক্ষে তাঁদের বের করা সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে দমকল বাহিনী ও ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতলে পাঠায়।
গুরুতর আহত (Road Accident)
দু’জনকেই প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রঞ্জন সাউ-এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে, সমীর সরকারকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
আরও পড়ুন: America: H-1B ভিসায় ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম: বিদেশি কর্মীদের জন্য কঠিন শর্ত
দুর্ঘটনায় দীর্ঘ যানজট
দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ের দু’দিকেই তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ বন্ধ ছিল যান চলাচল। পরে পুলিশ ও স্থানীয়দের উদ্যোগে ক্ষতিগ্রস্ত লরিগুলি সরানো হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। এ দিনের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা জানান, ধূপগুড়ি শহরে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা ও যানবাহনের বেপরোয়া গতি নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। তাঁদের অভিযোগ অপরিকল্পিত ট্রাফিক নিয়ন্ত্রণ, নজরদারির অভাব এবং দ্রুতগতির যানবাহনের কারণেই শহরে দুর্ঘটনার হার বাড়ছে। আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের।



