Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর–পূর্ব ভারতের বাস্তবতা, পরিচয়ের সংকট এবং মানুষের সহাবস্থানের জটিল সম্পর্ককে খুব কম ছবিই এত সরল অথচ গভীর ভাবে তুলে ধরতে পেরেছে, যতটা পেরেছে Bung (Boong Movie)। পরিচালক Lakshmipriya Devi–র এই ছবিটি শুধু একটি কিশোরের ব্যক্তিগত যাত্রার গল্প নয়; বরং এটি অশান্ত মণিপুরের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার এক সংবেদনশীল প্রতিচ্ছবি। বাফটার মঞ্চে দাঁড়িয়ে পরিচালক যখন বলেছিলেন, “মণিপুরে শান্তি ফিরুক”, তখন সেই কথার প্রতিধ্বনি যেন ছবির প্রতিটি দৃশ্যেই শোনা যায়। ছোট্ট ছেলে ‘বুং’-এর চোখ দিয়ে দেখা পৃথিবীই শেষ পর্যন্ত দর্শকদের সামনে তুলে ধরে এক নতুন সূর্যোদয়ের সম্ভাবনা।

অশান্ত মণিপুর: সহিংসতার পটভূমি (Boong Movie)
২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে শুরু হওয়া জাতিগত সংঘর্ষ গোটা রাজ্যকে গভীর সংকটে ফেলে দেয়। বহু গ্রাম আগুনে পুড়ে যায়, হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন। এই হিংসার কেন্দ্রে ছিল মূলত মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘর্ষ, যার ফলে দীর্ঘদিনের সামাজিক সম্পর্ক ভেঙে পড়ে। যে সমাজে বহু সংস্কৃতি পাশাপাশি বাস করত, সেখানে সন্দেহ ও ভয়ের আবহ তৈরি হয়। এই বাস্তবতার মাঝেই দাঁড়িয়ে ‘বুং’ দেখায় শিশুরা কিন্তু এখনও বিভাজন বোঝে না। তাদের চোখে মানুষ মানে শুধু মানুষ। পরিচালক সেই নিষ্পাপ দৃষ্টিকোণ থেকেই মণিপুরের এই জটিল সংকটকে দেখানোর চেষ্টা করেছেন।
ব্যক্তিগত অনুসন্ধান থেকে সামাজিক প্রতীক (Boong Movie)
ছবির কেন্দ্রে রয়েছে পশ্চিম ইম্ফলের খুরখুল গ্রামের এক কিশোর ব্রজেন্দ্র ‘বুং’ সিং। তার মা মন্দাকিনী একজন সিঙ্গল মাদার। ছোট্ট বুং বিশ্বাস করে, তার মৃত বলে ধরা বাবাকে সে আবার খুঁজে পেতে পারে। সেই বিশ্বাস নিয়েই সে তার বন্ধু রাজুকে সঙ্গে নিয়ে মিয়ানমার সীমান্তের শহর মোরের উদ্দেশে যাত্রা শুরু করে। এই যাত্রা শুধু হারিয়ে যাওয়া বাবাকে খোঁজার নয়; বরং এটি এক কিশোরের বড় হয়ে ওঠার গল্প। পথে পথে সে দেখে সমাজের বিভাজন, মানুষের সন্দেহ, পরিচয়ের রাজনীতি সবকিছুই। শেষ পর্যন্ত সে বাবাকে ফিরিয়ে আনতে পারবে কি না, সেই প্রশ্নই গল্পকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু ছবির আসল শক্তি গল্পের ফলাফলে নয়, বরং যাত্রাপথে দেখা বাস্তবতায়।

পরিচয়ের রাজনীতির তীক্ষ্ণ প্রতিফলন (Boong Movie)
ছবির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ‘আইডেন্টিটি পলিটিক্স’ বা পরিচয়ভিত্তিক রাজনীতি। উত্তর–পূর্ব ভারতের বহু মানুষই অভিযোগ করেন যে দেশের মূল ভূখণ্ডের অনেকেই তাদের “আসল ভারতীয়” হিসেবে মনে করেন না। মঙ্গোলয়েড চেহারা নিয়ে কটাক্ষ করা হয়, সাংস্কৃতিক দূরত্ব তৈরি হয়। ছবিতে এর উল্টো ছবিও দেখা যায়। বুং-এর বন্ধু রাজুর পরিবার তিন প্রজন্ম ধরে মণিপুরে থাকলেও তাদের এখনও ‘বহিরাগত’ হিসেবে দেখা হয়। এই দ্বৈততা যেখানে একদিকে জাতীয় পরিচয়ের সংকট, অন্যদিকে স্থানীয় পরিচয়ের সংঘাত ছবির ভেতরে এক চাপা উত্তেজনা তৈরি করে।
শিশুদের চোখে সমাজের অসঙ্গতি (Boong Movie)
পরিচালক সমাজের বহু অস্বস্তিকর বাস্তবতাকে অত্যন্ত সূক্ষ্ম ও কখনও হাস্যরসাত্মক ভাবে তুলে ধরেছেন শিশুদের দৃষ্টিতে। ছবির কয়েকটি ছোট দৃশ্য বিশেষ ভাবে উল্লেখযোগ্য, স্কুলের নাম বিকৃত করে ‘হোমো বয়েজ় স্কুল’ বলে ঠাট্টা করা প্রার্থনার মঞ্চে পপ গান গাওয়া, ইংরেজি মাধ্যম স্কুলে গিয়ে ‘আউটসাইডার’ বা ‘ব্লাকি’ বলে অপমান করা, শ্রাদ্ধ অনুষ্ঠানে প্রচলিত নিয়ম ভেঙে রঙিন পোশাক পরা, এই ছোট ছোট মুহূর্তগুলোই দর্শকদের সামনে তুলে ধরে সমাজের ভণ্ডামি এবং সংকীর্ণতা।
সীমান্ত, মাইগ্রেশন ও বাস্তবতার নতুন দিক (Boong Movie)
মণিপুর ও মিয়ানমারের সীমান্ত অঞ্চল বহুদিন ধরেই সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগের কেন্দ্র। ছবিতে মোরে শহরকে দেখানো হয়েছে এমন একটি জায়গা হিসেবে, যেখানে মানুষের যাতায়াত স্বাভাবিক হলেও রাজনৈতিক অস্থিরতা তাকে অশান্ত করে তুলেছে। এখানে মাইগ্রেশন বা অভিবাসনের প্রসঙ্গও উঠে আসে। কিন্তু ছবিতে এই বাস্তবতা দেখানো হয়েছে এক উল্টো মোড়ে যেখানে সীমান্ত শুধু বিভাজন নয়, বরং মানুষের মিলনেরও জায়গা।
আরও পড়ুন: Charak Fair of Faith 2026: ‘চরক: ফেয়ার অফ ফেইথ’-এ উঠে এল শিউরে ওঠা গল্প!’
বহু সংস্কৃতির মেলবন্ধন
ছবির সবচেয়ে বড় শক্তি তার মানবিক দৃষ্টিভঙ্গি। এখানে দেখা যায় মেইতেই, কুকি, নাগা, তামিল বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বাস করছে। প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি আছে, কিন্তু সেই সব মিলিয়েই তৈরি হয়েছে আজকের মণিপুর। এই বহুত্ববাদী সমাজকেই পরিচালক ছবির কেন্দ্রে রাখতে চেয়েছেন। ছবির শেষ দৃশ্যে বুং বলে “আমার মায়ের জন্য উপহার হলো নতুন সূচনা।” এই সংলাপ যেন শুধু একটি পরিবারের গল্প নয়; বরং গোটা মণিপুরের জন্যই এক আশার বার্তা। অতীতের স্মৃতিকে আগুনে পুড়িয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখার আহ্বান। একটি ছোট্ট ছেলের হাত ধরেই তাই ‘বুং’ দেখায় হিংসা ও বিভাজনের মাঝেও মানুষের সহাবস্থান সম্ভব।



