Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ রিচাকে রাজকীয় সংবর্ধনা সিএবি-র। ফাইনালে করা প্রত্যেক রানের জন্য এক লক্ষ টাকা করে পুরস্কার (Richa Ghosh)। সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অতিথি তালিকায় একাধিক চমক।
সোনার মেয়েকে সোনা দিয়ে বরণ (Richa Ghosh)
গত রবিবার ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে তাঁর ২৪ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথমবার বিশ্বকাপ জয়ের রাস্তাটা অনেকটা সহজ করে দিয়েছিল। ভারতের বিশ্বকাপ জয়ে তাঁর অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও তাঁর ঝুলিতে। প্রথমবার বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য তথা উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষকে আজ তথা শনিবার এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে রাজকীয় সংবর্ধনা দিতে চলেছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি। বিকাল পাঁচটায় ইডেন গার্ডেন্সের লনে আয়োজন করা হয়েছে এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের (Richa Ghosh)।
সিএবি-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সুদৃশ্য সোনার ব্যাট-বলের স্মারকের পাশাপাশি এই বিশাল কৃতিত্বের জন্য তাঁকে ৩৪ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। বিশ্বকাপ ফাইনালে ৩৪ রান করার জন্য তাঁকে পুরস্কার স্বরূপ দেওয়া হচ্ছে ৩৪ লক্ষ টাকা। রিচা হয়তো নিজেও কল্পনা করতে পারেননি ফাইনালে তাঁর করা প্রত্যেকটি রানের জন্য তিনি এক লক্ষ টাকা করে পাবেন! এমনই অভিনব পরিকল্পনা করেছে সিএবি।
আজকের এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ইডেনে বসতে চলেছে চাঁদের হাট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিচার হাতে সম্মান তুলে দেবেন তিনি ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছে আরও চমক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্র জগতের দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক। সুপারস্টার দেবকেও সিএবি-এর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল অনুষ্ঠানে। তবে বিশেষ কর্মসূচি থাকায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কিংবদন্তি ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী সহ প্রাক্তন ও বর্তমান খেলোয়ারদের পাশাপাশি অন্যান্যরা (Richa Ghosh)।

বিশ্বকাপ জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে শুক্রবার সকালেই দিল্লি থেকে শিলিগুড়িতে নিজের বাড়িতে ফিরেছেন রিচা। বাগডোগরা বিমানবন্দর থেকে বাড়ি পর্যন্ত রোড শোয়ে বাংলার এই ধন্যি মেয়েকে দেখতে এবং অভিনন্দন জানাতে জন প্লাবন দেখা গিয়েছে শিলিগুড়ির রাস্তায়। ভেসেছেন সংবর্ধনার জোয়ারে। সূত্রের খবর, এই অভাবনীয় সাফল্যের জন্য রাজ্য সরকার রিচাকে রাজ্য পুলিশে চাকরি দিতে চলেছে। আজ ইডেনে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে সেই কথা ঘোষণা করলে এবং সেই সঙ্গে আরও পুরস্কার দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আরও পড়ুন: Jawaharlal Nehru University: ছাত্র রাজনীতিতে কি ফিরছে বামপন্থীদের সোনালি যুগ?
রিচার সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার সন্ধে থেকেই সেজে উঠেছে গোটা ইডেন। আলোর রোশনাইয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা ক্লাব হাউজ। ক্লাব হাউজের বাইরের দেওয়ালে ডিসপ্লে বোর্ডে চলছে বিশ্বকাপে রিচার বিধ্বংসী ব্যাটিং এবং বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তের ভিডিও। বাংলার মেয়েকে রাজকীয় সংবর্ধনা দিতে এখন প্রহর গুনছে শহর কলকাতা (Richa Ghosh)।


