Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কালবৈশাখীর দাপটে ঘোর চৈত্রে গরম ঠিক ততটা দাপট না দেখালেও আসন্ন দিন কেমন হতে চলেছে তা তো আর জানা যা না। ফলে গরমকালে গরমের রেসিপি জেনে রাখা ভাল। তাতে পেটেরও আরাম আর মনেরও(Chicken Recipe)।
‘বাসনার সেরা বাসা রসনায়’ (Chicken Recipe)
গরমে ডাক্তারবাবুরা বলেন হাল্কা খাবার খেতে। আমিষ এড়িয়ে চলতে। মাছমাংসের তুলনায় শাকসব্জিই বেছে নিতে। কিন্তু বাঙালির বিখ্যাত রসনা সেই নিষেদ মানবে কেন? আর যখন খোদ রবি ঠাকুরই বলে গিয়েছেন বাসনার সেরা বাসা রসনায়। তাহলে ওই নিরামিষ, ঝোল, হাল্কা খাবার, শাকসব্জিকে এক আধদিন স্কিপ করে বিশ্রামে পাঠিয়ে একটুআধটু মাংস হতেই পারে। তবে তাতে যদি থাকে গরমকালের এক ফোঁটা চমক তাহলে তো কথাই নেই।

আম পোড়া মুরগি (Chicken Recipe)
মাংস বলতে মানুষ উৎসবে পার্বণে খাসি বা পাঠা বুঝলেও রোজকার পাতে মাংস মানে মুরগিই। সেই মুরগির পাতলা ঝোল বা কষা কিংবা চাইনিজে চিলি নয় এবার খোঁজ দেওয়া যাক অন্য ধরণে এক মাংসের পদের। রসনা এই গরমে তৃপ্ত করুন আম পোড়া মুরগিতে।

আমে-মুরগিতে কোলাকুলি
গরম থেকে বাঁচতে বাংলার ঘরে আম পোড়া শরবতের কদর কম নয়। যেকোনও অনুষ্ঠানবাড়িতে এটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে জমে যায়। কিন্তু মুরগির সঙ্গে আমপোড়া ফিউশন? কেমন হবে ভাবছেন তো? আরে ভাববেন না একেবারে জিভের ভিতর যাকে বলে যুদ্ধ বাধিয়ে দিতে পারে এই রেসিপি। মুরগির রেসিপিতে মুরগির মাংস তো লাগবেই। যারা যেখানকার মাংস খেতে ভালবাসেন সেরকম মাংস ১ কেজি নিয়ে ফেলুন।

প্রয়োজনীয় সামগ্রী(Chicken Recipe):
মুরগির মাংস – ১ কেজি
একটা বড় সাইজের কিংবা দুটো মাঝারি সাইজের আম
১০-১২টা কাঁচালঙ্কা
গোটা রসুন ১ টা
কুচোনো পেঁয়াজ- ২ টো
কাসুন্দি- ২ চা চামচ
গোলমরিচের গুঁড়ো
আদা বাটা- ২ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
হলুদ-নুন-চিনি আন্দাজ মত
আর লাগবে সরষের তেল
আসল কথায় আসি (Chicken Recipe)
এবার আসুন আসল কথায় আসি। প্রথমে নুন আর এক চা চামচ আদা বাটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিন। গ্যাসে আম এবং গোটা পাঁচেক কাঁচা লঙ্কা কাঠিতে গেঁথে পুড়িয়ে নিন। পুড়িয়ে নিন গোটা রসুনও। এবার ওগুলোকে ঠান্ডা করতে দিন। কড়াইয়ে তেল দিয়ে বাকি কাঁচা লঙ্কাগুলো ফেলে দিন। এবার লঙ্কা পুড়ে ওঠার আগে কুচোনো পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ একটু একটু ভাজা হলেই তাতে মাংস দিয়ে দিন। নুন, হলুদ দিয়ে ভাল করে মাংস ভাজতে থাকুন।

আম পোড়ার গল্প (Chicken Recipe)
এবারে চলে আসুন আম পোড়ার দিকে। পোড়া আমের খোলা ছাড়িয়ে চটকে নিন, রসুনের খোলা ফেলে আমের সঙ্গে মেখে নিন, পোড়া কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিন। এবার ওতে দেবেন কাসুন্দিটা। গন্ধে মাতোয়ারা হয়ে জিভ গড়িয়ে জল বেরিয়ে আসতে পারে, সামলে নিন কিন্তু। এই অস্ত্রটা পাশে রেখে আবার ফিরুন মাংসের কাছে। ধনে, জিরে, হলুদ সামান্য জলে গুলে নিন। এবার ওগুলো ঢেলে দিন মাংসে। মাংস কষাতে থাকুন। খানিক পরে ওই যে সাইডে সরিয়ে রেখেছিলেন এবার সেটা দিন। একটু নেড়েচেড়ে ঢাকানা দিয়ে দিন। এইসময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। মাঝে ঢাকনা খুলে নেড়ে নেবার ছলে নুন আর চিনিটাও দেবেন। আবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবে।
আরও পড়ুন: Jorasanko Note Arrest: নির্বাচনের মুখে শহরে কড়া নজরদারি, জোড়াসাঁকোয় লক্ষাধিক টাকা সহ আটক ১

শেষ পাতের জোগাড় (Chicken Recipe)
দেখবেন যখন মাংস প্রায় হয়ে এসেছে তখন চাইলে গরমশলার গুঁড়ো জলে গুলে দিতে পারেন। তবে না দিলেও চলে কারণ পোড়া আমের গন্ধটাই এই রেসিপির স্টার প্লেয়ার। তবে কিছু কাঁচা লঙ্কা কুঁচিয়ে অবশ্যই দেবেন। ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দিন। রেস্টিং টাইমটা রেখে ঢাকনা খুলে ঝাঁপিয়ে পড়ুন। গরম ভাতে, পরোটায় দারুণ জিভের আরাম দেবে এই আম পোড়া মুরগি।



