Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইতালির ঐতিহ্যবাহী উৎসবের কেক প্যানেটোনে। নাম শুনলেই চোখে ভাসে বড়, গম্বুজ আকৃতির এক সুগন্ধি মিষ্টি। মূলত ইতালির মিলান শহরের জন্ম এই কেকের, যার ইতিহাস প্রায় পাঁচ শতাব্দী পুরনো। ক্রিসমাস ও নববর্ষ এলেই ইতালির প্রতিটি ঘরে ঘরে প্যানেটোনে যেন আনন্দের প্রতীক হয়ে ওঠে(Panettone)।
মিষ্টি ইস্টেড ব্রেড প্যানেটোনে (Panettone)
প্যানেটোনে সাধারণ কেকের মতো নয়। এটি এক ধরনের মিষ্টি ইস্টেড ব্রেড, যার ভেতর থাকে কিশমিশ, ক্যান্ডিড কমলার খোসা, লেবুর খোসা ও নানা শুকনো ফল। দীর্ঘ সময় ধরে ফারমেন্টেশনের কারণে এর ভেতরের গঠন হয় হালকা, নরম ও বাতাসভরা। উপরে শক্ত খোলস আর ভেতরে তুলোর মতো নরম অংশ—এই বৈপরীত্যই প্যানেটোনের বিশেষত্ব।
স্বাদেই যায় চেনা (Panettone)
এই কেক তৈরির প্রক্রিয়া অত্যন্ত ধৈর্যের। ঐতিহ্যবাহী পদ্ধতিতে এটি বানাতে দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লাগে। প্রাকৃতিক ইস্ট বা ‘লিভিতো মাদ্রে’ ব্যবহার করে ধাপে ধাপে ময়দা ফোলানো হয়। ফলে স্বাদে আসে গভীরতা, আর সুগন্ধ হয় অনন্য। আধুনিক বেকারিগুলো যদিও সহজ পদ্ধতি ব্যবহার করে, তবুও আসল ইতালিয়ান প্যানেটোনের স্বাদ আজও আলাদা করে চেনা যায়।
খাবার নয়, উপহারও (Panettone)
ইতালিতে প্যানেটোনে শুধু খাবার নয়, উপহারও। পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের মধ্যে সুন্দর বাক্সে ভরে এটি উপহার দেওয়ার চল বহুদিনের। সময়ের সঙ্গে সঙ্গে ক্লাসিক রেসিপির পাশাপাশি চকোলেট, ক্রিম, পিস্তাচিও এমনকি ভেগান প্যানেটোনও জনপ্রিয় হয়েছে। আজ প্যানেটোনে ইতালির সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে পরিচিত। উৎসবের টেবিলে এক টুকরো প্যানেটোন মানেই ইতালিয়ান উষ্ণতা, ঐতিহ্য আর আনন্দের স্বাদ।



