Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ওরা চুরি গিয়েছিল। একসঙ্গে পরপর সাতজন। আর তারপর অবৈধ মাংসের বাজারে বিক্রি হওয়ার আগে ওরা শেষ চেষ্টা করেছিল। ট্রাক থেকে লাফ দিয়ে পালিয়েছিল ওরা। শেষে ১৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়িও ফিরতে পেরেছিল। ওরা চিনের জিলিন প্রদেশের এক গ্রামের তিনটি বাড়ির সাতটি ভিন্ন প্রজাতির কুকুর(China Dogs)। ওদের নিয়ে এখন সরগরম নেটপাড়া।
হাম সাথ সাথ হ্যায় (China Dogs)
ধারণা করা হচ্ছে, তারা পরিবহন ট্রাকের খাঁচা ভেঙে চাংশুয়াং এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পালায়। এরপর টানা দুই দিন ধরে তারা দলবদ্ধভাবে হাইওয়ে ও খোলা মাঠ পেরিয়ে পথ চলে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যায়নি।
সাতে মিলি করি কাজ…
১৬ মার্চ লু নামের এক ব্যক্তি চাংচুন শহরের ব্যস্ত সড়কে তাদের একসঙ্গে হাঁটতে দেখে ভিডিয়ো করেন। ভিডিয়োতে দেখা যায়, একটি কর্গি সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে এবং মাঝেমধ্যে পিছন ফিরে অন্যদের খোঁজও নিচ্ছে। একটি গোল্ডেন রিট্রিভার বাইরের দিকে হাঁটছিল, যেন পাহারা দিচ্ছে। মাঝখানে ছিল আহত একটি জার্মান শেফার্ড, যাকে ঘিরে অন্যরা তার গতির সঙ্গে তাল মিলিয়ে চলছিল।
ড্রোন দিয়ে খোঁজ
লু তাদের নিরাপদে নিতে চেষ্টা করলেও কুকুরগুলো সাড়া দেয়নি। পরে তিনি ভিডিয়োটি ডৌইনে শেয়ার করলে ব্যাপক সাড়া পড়ে। স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসে, এমনকি ড্রোন ব্যবহার করে তাদের খোঁজ চালানো হয়।
নিরাপদে নিজেদের ডেরায় (China Dogs)
১৯ মার্চ নিশ্চিত করা হয়, সাতটি কুকুরই নিরাপদে তাদের মালিকদের কাছে ফিরে গেছে। মালিকরা স্বস্তি প্রকাশ করে বলেন, তারা ভাগ্যবান যে তাদের পোষ্যরা জীবিত ফিরেছে।
আরও পড়ুন: Force SC: বাহিনীতে স্থায়ী কমিশন পাবেন মহিলা অফিসাররাও: ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
সোশাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা (China Dogs)
এই ঘটনা সোশাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই কুকুরগুলোর ঐক্য, বুদ্ধিমত্তা ও বিশ্বস্ততার প্রশংসা করেছেন। কেউ কেউ মজা করে লিখেছেন, মানুষ যেখানে গুগল ম্যাপস ব্যবহার করেও পথ হারায়, সেখানে একটি কর্গি ছয় সঙ্গীকে নিয়ে ১৭ কিলোমিটার পথ পেরিয়ে ঘরে ফিরেছে!



