Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: গ্রাহক সেবা কেন্দ্রের (সিএসপি) প্রতারণায় শত শত গ্রাহক প্রতারিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার জয়পুর ব্লকের গোপালনগর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ (Bank Fraud) ওঠায় আজ, সোমবার, জয়পুরে ওই ব্যাঙ্কের মূল শাখায় তুমুল বিক্ষোভ দেখান প্রতারিত গ্রাহকেরা। দিনমজুর, গরিব মানুষ এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টাকা আত্মসাতের অভিযোগে ইতিমধ্যে গ্রাহক সেবা কেন্দ্রের তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
দূরত্ব কমাতে গিয়ে প্রতারণার শিকার! (Bank Fraud)
স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুর ব্লক সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত গোপালনগর সহ বেশ কয়েকটি প্রত্যন্ত গ্রামের মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার জন্য দীর্ঘদিন ধরে জয়পুর ছুটতে হত। এলাকার মানুষের সুবিধা দিতে বছর কয়েক আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গোপালনগর গ্রামে একটি গ্রাহক সেবা কেন্দ্র (সিএসপি) চালু করে। প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে এই কেন্দ্রটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে।
এলাকার দিন আনি দিন খাই মানুষজন নিশ্চিন্তে তাঁদের সঞ্চয় এই কেন্দ্রে জমা করতেন। পাশাপাশি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও তাঁদের ঋণের কিস্তি বাবদ লক্ষ লক্ষ টাকা এই কেন্দ্রের মাধ্যমেই ব্যাঙ্কে পরিশোধ করতেন। বিনিময়ে গ্রাহক সেবা কেন্দ্র থেকে তাঁদের রসিদও দেওয়া হত।
কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগ (Bank Fraud)
চলতি বছর সেপ্টেম্বর মাসে প্রথম প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। মহিলা গোষ্ঠীর একটি দল জানতে পারে, গ্রাহক সেবা কেন্দ্রে জমা করা তাদের টাকা ব্যাঙ্কের খাতায় জমা পড়েনি। এরপর খোঁজ নিতে গিয়ে জানা যায়, গ্রাহকদের যে রসিদ দেওয়া হয়েছিল, সেগুলি সবই ভুয়ো। এর পরেই একে একে কমবেশি প্রায় প্রত্যেক গ্রাহক এবং স্বনির্ভর দলের পরিশোধ করা টাকাও ভুয়ো রসিদের বিনিময়ে গ্রাহক সেবা কেন্দ্রের কর্মকর্তারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এই চক্র কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে।

টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রাহকদের
ব্যাপক প্রতারণার (Bank Fraud) শিকার হওয়ার পর গ্রাহকেরা জয়পুর থানায় গিয়ে ওই গ্রাহক সেবা কেন্দ্রের তিন পরিচালকের নামে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত রবিবার জয়পুর থানার পুলিশ অভিযুক্ত তিন কর্মকর্তা—কে গ্রেফতার করে। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
আরও পড়ুন: SIR: এসআইআর আতঙ্কে ফের মৃত্যু! ডানকুনিতে হৃদ্রোগে প্রাণ গেল বৃদ্ধার
এদিকে, প্রতারিত গ্রাহকেরা নিজেদের গচ্ছিত টাকা ফেরতের দাবিতে আজ বাঁকুড়ার জয়পুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মূল শাখায় জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা ব্যাঙ্কের ভেতরে প্রবেশ করেও স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, উত্তেজিত গ্রাহকেরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান। প্রতারণার (Bank Fraud) শিকার শত শত গরিব মানুষের টাকা কীভাবে ফিরিয়ে দেওয়া হবে, তা নিয়ে এলাকায় ব্যাপক উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।


