Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
বিশেষ প্রতিবেদন: সুকৃতি ভট্টাচার্য্য,কে টিভি বাংলা ডিজিটাল: মেট্রো প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে দীর্ঘ জল্পনার অবসান। ধর্মতলার পুরনো বাস স্ট্যান্ড সরে গেল নতুন ঠিকানায়(Dharmatala Bus Depot)। বৃহস্পতিবার থেকেই রানি রাসমণি অ্যাভিনিউ সংলগ্ন নয়া ডিপো থেকে শুরু হচ্ছে সরকারি বাসের পরিষেবা।
RVNL-এর সুবিধার্থে নতুন ডিপো (Dharmatala Bus Depot)
জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের ভূগর্ভস্থ স্টেশন তৈরির পথে অন্তরায় ছিল পুরনো ডিপোটি। রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-এর সুবিধার্থে নতুন ডিপোটি তৈরি করা হয়েছে। পূর্ব-পশ্চিম মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের প্রবেশপথ এবং রানি রাসমণি অ্যাভিনিউয়ের মাঝের অংশে তৈরি করা হয়েছে। বাসের ঢোকা এবং বেরোনোর পথ রাখা হয়েছে রানি রাসমণি অ্যাভিনিউয়ের ধর্মতলামুখী লেনে। পুরনো ডিপো থেকে প্রতিদিন ১০০-র বেশি দূরপাল্লার বাস চলাচল করত।
নতুন ডিপো থেকেও পরিষেবা
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (SBSTC)
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)
কলকাতা ট্রাম কোম্পানি (CTC) ও রাজ্য পরিবহণ নিগম (WBTC)
শিলিগুড়িগামী এসি ভলভো এবং নন-এসি বাসগুলিও এখান থেকেই ছাড়বে
আধুনিক ও যাত্রী-বান্ধব ডিপো (Dharmatala Bus Depot)
পুরনো ডিপোর তুলনায় নতুন এই ডিপোটি অনেক বেশি আধুনিক ও যাত্রী-বান্ধব। এখানে থাকছে:
বাতানুকূল ব্যবস্থা: যাত্রীদের জন্য এসি ওয়েটিং রুম এবং বাস কর্মীদের জন্য পৃথক এসি ক্রু রুম
বুকিং ও তথ্য: উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের জন্য আলাদা বুকিং কাউন্টার এবং পাবলিক অ্যাড্রেস সিস্টেম
ডিজিটাল ডিসপ্লে: বাসের সময়সূচী জানতে একটি বড় (৮/৬ ফুট) এবং দুটি ছোট ডিজিটাল ডিসপ্লে বোর্ড
পরিচ্ছন্নতা ও নিরাপত্তা: পৃথক ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেট এবং নিরাপত্তার জন্য বসানো হয়েছে একাধিক হাই-মাস্ট বাতিস্তম্ভ
বিশেষ ব্যবস্থা: পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের আধিকারিকদের জন্য থাকছে একটি নির্দিষ্ট ঘর
আরও পড়ুন: GI Balagarh: জিআই তকমা পেতে চলেছে বলাগড়ের নৌ শিল্পীরা, চোখের জল মুছে স্রোতে ফিরবেন শিল্পীরা ?
যাত্রী পরিষেবায় প্রস্তুত বাস টার্মিনাস
যদিও যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের তরফে কিছুটা সময় নেওয়া হয়েছিল, তবে এখন সব বাধা কাটিয়ে যাত্রী পরিষেবায় প্রস্তুত এই আধুনিক বাস টার্মিনাস। এর ফলে যেমন যাত্রীরা আরামদায়ক সফর পাবেন, তেমনই জোঁকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজেও গতি আসবে।



