Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পূর্ব মেদিনীপুরের তাজপুরে (Tajpur) সমুদ্র স্নানে নেমে তলিয়ে মৃত্যু এক তরুণ চিকিৎসক দম্পতির। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মন্দারমণি কোস্টাল থানার অন্তর্গত তাজপুর সৈকতে। মৃতদের পরিচয় জানা গিয়েছে, কুন্তল চক্রবর্তী, বয়স ৩৫ এবং তাঁর স্ত্রী বয়স ত্রিশের শৈলজা ভরদ্বাজ। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলা থানা এলাকায়।

কী ঘটেছিল? (Tajpur)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালেই নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে সোদপুর থেকে তাজপুরে বেড়াতে এসেছিলেন এই দম্পতি। সন্ধ্যায় সমুদ্রের মনোরম পরিবেশে স্নান করতে নামেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, স্নান করার সময় আচমকাই উত্তাল সমুদ্রের ঢেউয়ের টানে দুজনেই গভীর জলে তলিয়ে যেতে থাকেন।
আরও পড়ুন: Pawan Ruiya PC: সাইবার প্রতারণা মামলায় শিল্পপতি পবন রুইয়ার ৭ দিনের পুলিশ হেফাজত
তাঁদের আর্তনাদ শুনে সৈকতে (Tajpur) থাকা পর্যটক এবং স্থানীয় মৎস্যজীবীরা দ্রুত উদ্ধারের চেষ্টা চালান। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় সংজ্ঞাহীন অবস্থায় দুজনকে জল থেকে উদ্ধার করে বালিতে তোলা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ।

ফুসফুসে জল ঢুকে মৃত্যু! (Tajpur)
পুলিশের তৎপরতায় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী বালিসাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা পরীক্ষা করে কুন্তল চক্রবর্তী ও তাঁর স্ত্রী শৈলজা ভরদ্বাজকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, দীর্ঘক্ষণ জলের নিচে থাকায় এবং ফুসফুসে জল ঢুকে যাওয়ার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: Auto LPG: অটোর গ্যাসে আগুন! ভাড়া এবার লাগামছাড়া
সৈকত শহরগুলিতে পর্যটকদের নিরাপত্তায় বারবার প্রশাসনিক নজরদারি ও সতর্কবার্তা থাকা সত্ত্বেও এমন প্রাণহানি ফের একবার পর্যটন কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল। সমুদ্র সৈকতে সন্ধ্যার পর বা জোয়ারের সময় জলে নামার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়ার আবেদন জানিয়েছে স্থানীয় প্রশাসন।



