Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে মঙ্গলবার কর্মীদের তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল গোটা কলেজ চত্বর(College Closed)। টানা তিন মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান সিকিউরিটি, পাম্পম্যান ও হাউসকিপিং কর্মীরা।
সম্পূর্ণভাবে ব্যাহত পঠনপাঠন (College Closed)
বিক্ষোভের জেরে কলেজে প্রবেশ করতে দেওয়া হয়নি অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা এমনকি ছাত্রছাত্রীদেরও। ফলে সম্পূর্ণভাবে ব্যাহত হয় পঠনপাঠন ও প্রশাসনিক কাজকর্ম। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ তিন মাস ধরে তাঁরা বেতন পাননি। শুধু বকেয়া বেতনই নয়, নিয়মিত বেতন, কাজের নিরাপত্তা-সহ একাধিক দাবিতে তাঁরা এদিন রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। কলেজ চত্বরে তালা ঝুলিয়ে তাঁরা সাফ জানিয়ে দেন, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।
‘কলেজ নয় এজেন্সির কর্মীদের বিক্ষোভ’
এই বিষয়ে কলেজের অধ্যক্ষ সৌমেন সাহা জানান, “যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা কলেজের সরাসরি কর্মী নন। একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে কলেজে সিকিউরিটি, পাম্পম্যান ও হাউসকিপিং কর্মী হিসেবে তাঁরা কাজ করেন। তাঁদের বেতন ওই এজেন্সির তরফ থেকেই দেওয়া হয়। গত তিন মাস ধরে এজেন্সির সঙ্গে কলেজের রিনিউয়াল সংক্রান্ত কিছু প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ায় বেতন আটকে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে।”
‘বাধ্য হয়েই আন্দোলনে’ (College Closed)
অন্যদিকে, বিক্ষোভরত কর্মী রেজাউল ইসলাম ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা প্রায় ১২ বছর ধরে এই কলেজে কাজ করছি। এই ১২ বছরে বহুবার বেতন নিয়ে সমস্যায় পড়েছি। কিন্তু এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তিন মাস বেতন না পেয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। বহুবার কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সমাধান হয়নি। বাধ্য হয়েই আজ কলেজে তালা দিয়ে আন্দোলনে নামতে হয়েছে।”
কলেজ চত্বরে উত্তেজনার পরিবেশ (College Closed)
এদিন সকাল থেকেই কলেজ চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ছাত্রছাত্রীরা কলেজে ঢুকতে না পেরে হতাশ হয়ে ফিরে যান। শিক্ষক-শিক্ষিকারা বাইরে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। স্থানীয়দের মধ্যেও এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: Vidyasagar Setu: মেরামত ও পুনর্বাসনের কাজ, রবিবার টানা ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি (College Closed)
প্রশাসনের আশ্বাসে কর্মীরা দাবি পূরণের অপেক্ষায় রয়েছেন। তবে দ্রুত সমাধান না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোলাঘাট থানার পুলিশ।



