Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো মানেই মেলা (Durga Puja 2025), আর মেলা মানেই খাওয়াদাওয়া থেকে শুরু করে খেলনা, মণিহারি দোকান, সেই সঙ্গে থাকে নানান রকম জয় রাইড। এর মধ্যে বাঙালির চিরকালের প্রিয় নাগরদোলা। পরিবার-পরিজন হোক কিংবা প্রিয়জন, মেলায় গিয়ে নাগরদোলায় চড়ার মজা আলাদা। কিন্তু এ বছর সেই আনন্দে টান পড়তে চলেছে। কলকাতা পুরসভার তরফে স্পষ্ট জানানো হয়েছে— পার্কের মধ্যে আয়োজিত কোনও দুর্গাপুজোতে নাগরদোলা বসানো চলবে না।

কেন এই নিষেধাজ্ঞা? (Durga Puja 2025)
পুরসভার যুক্তি, নাগরদোলা নিয়ে অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে শহরে। সবচেয়ে সাম্প্রতিক ঘটনা ২০২২ সালের ৪ জুলাই এন্টালির রামলীলা ময়দানে। সেদিন নাগরদোলা থেকে পড়ে গিয়ে প্রাণ হারান ২৬ বছরের তরুণী প্রিয়াঙ্কা সাউ। ওই ঘটনায় নাগরদোলার অপারেটর-সহ তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
দুর্ঘটনার নজির রয়েছে (Durga Puja 2025)
শুধু তাই নয়, এর আগেও দুর্ঘটনার নজির রয়েছে। ২০০৮ সালে দেশপ্রিয় পার্কের পুজোয় নাগরদোলায় চড়তে গিয়ে এক ব্যক্তি মারাত্মক আঘাত পান। তার পরের বছর, অর্থাৎ ২০০৯ সালে, নাগরদোলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার কথাও ভেবেছিল কলকাতা পুরসভা। তবে বিশেষজ্ঞদের সন্তোষজনক রিপোর্ট পাওয়ায় এবং পুজো উদ্যোক্তাদের দাবির মুখে অবশেষে অনুমতি দেওয়া হয়।
কিন্তু রামলীলা ময়দানের দুর্ঘটনার পর থেকে পুরসভার অবস্থান বদলে যায়। ধীরে ধীরে কড়াকড়ি বাড়তে থাকে। এ বছর সেই কড়াকড়ি আরও বাড়ল।
পুরসভার স্পষ্ট বার্তা (Durga Puja 2025)
কলকাতা পুরসভা সূত্রে খবর, দুর্গাপুজো উপলক্ষে শহরের একাধিক পার্কে মেলার আয়োজন হয়। কিন্তু সেখানে নাগরদোলা বসানোর অনুমতি কোনও ভাবেই দেওয়া হবে না। খবর সূত্রে জানা যায়, পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, “যদি কোনও পুজো কমিটি নিয়ম ভেঙে নাগরদোলা বসায়, উদ্যোক্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে। এমনকি, কেউ যদি ফাঁকি দিয়ে বা অসৎ উপায়ে অনুমতি আদায় করতে চান, তাহলে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে।”
আরও পড়ুন: Mahalaya 2025: মহালয়ার দিন বছরের শেষ সূর্যগ্রহণ! শুভ নাকি অশুভ সংযোগ
আনন্দের আগে সুরক্ষা?
এ বছর পুজোয় পার্কের ভেতর আয়োজিত মেলায় নাগরদোলার মজা থেকে বঞ্চিত হতে চলেছেন সাধারণ মানুষ। নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞা মেলার আনন্দে কতটা ভাঁটা ফেলবে?



