Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তিন দিনের ভারত সফরে এসে পৌঁছালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। মঙ্গলবার ভোররাতে স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ-কে সঙ্গে নিয়ে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হয় তাঁর ভারত সফর।
মোদী-ম্যাক্রোঁ বৈঠকের তাৎপর্য (Emmanuel Macron)
সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে ম্যাক্রোঁর। কূটনৈতিক মহলের মতে, এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। প্রতিরক্ষা, বাণিজ্য, পরমাণু শক্তি, মহাকাশ গবেষণা, সামুদ্রিক নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ কৌশল একাধিক ইস্যুতে আলোচনা হতে পারে।
ভারত-ফ্রান্স সম্পর্ক ইতিমধ্যেই ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর পর্যায়ে পৌঁছেছে। এই সফর সেই সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে। তবে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নিঃসন্দেহে রাফাল যুদ্ধবিমান চুক্তি। প্রায় ৩.৬০ লক্ষ কোটি টাকার প্রস্তাবিত চুক্তিতে ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশন-এর কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

‘শতাব্দীর সেরা ডিল’? (Emmanuel Macron)
সূত্রের খবর, এই চুক্তির আওতায় অধিকাংশ বিমানই ভারতে তৈরি হবে। ফলে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থায় বড়সড় গতি আসবে এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হবে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রেও বড় পদক্ষেপ। গত সপ্তাহেই রাফাল কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল। প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষস্তরে অনুমোদনের পর এখন চূড়ান্ত চুক্তির অপেক্ষা।
এই সম্ভাব্য চুক্তিকে ‘শতাব্দীর সেরা ডিল’ বলে উল্লেখ করেছেন প্যারিসের Sciences Po Centre for International Studies-এর ভারত বিশেষজ্ঞ ক্রিস্টোফ জাফরেলো। তাঁর মতে, “গত কয়েক দশকে এত বড় সামরিক চুক্তি বিশ্বের আর কোনও দেশ করেনি।”
উল্লেখ্য, ২০১৬ সালে ভারতীয় বায়ুসেনার জন্য ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনা হয়েছিল। পরে ভারতীয় নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ভারতের হাতে মোট ৬২টি রাফাল রয়েছে। নতুন ১১৪টি রাফাল যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে ১৭৬। এতে ভারতীয় সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
AI সহযোগিতার নতুন দিগন্ত (Emmanuel Macron)
মঙ্গলবার মুম্বইয়ের কর্মসূচি শেষ করে বুধবার নয়াদিল্লি যাবেন ম্যাক্রোঁ। সেখানে India AI Impact Summit-এ যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে ভারত-ফ্রান্স যৌথ সহযোগিতা, গবেষণা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। বিশেষজ্ঞদের মতে, প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি প্রযুক্তি ও ডিজিটাল ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে এই সফরের মাধ্যমে।
কূটনৈতিক মহলের একাংশের মতে, এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য রক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ভারত ও ফ্রান্সের সমন্বয় ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আরও পড়ুন: Uttar Pradesh: চলন্ত গাড়ির উপর হাইমাস্ট পোল! প্রতাপগড়ে চাঞ্চল্যকর দুর্ঘটনা!
সব মিলিয়ে, ফ্রান্সের প্রেসিডেন্টের এই ভারত সফর প্রতিরক্ষা, প্রযুক্তি ও কৌশলগত অংশীদারিত্ব— তিন ক্ষেত্রেই নতুন দিশা দেখাতে পারে বলেই মনে করছে রাজনৈতিক ও কূটনৈতিক মহল।



